
অভিষেক শর্মা
শেষ আপডেট: 13 April 2025 11:32
দ্য ওয়াল ব্যুরো: প্রথমে পর্বতপ্রমাণ রান তোলা। তারপর সেই টার্গেট হাসিল করে ম্যাচ জিতে নেওয়া। মধ্যিখানে নোটবুকের পাতায় সমর্থকদের উদ্দেশে দেওয়া সৌজন্যের বার্তা।
গতকালের আইপিএলে বক্স-অফিস বিনোদন উপহার দিল পাঞ্জাব কিংস (PBKS) বনাম সানরাইজারস হায়দরাবাদের (SRH) দ্বৈরথ। আর এই হাড্ডাহাড্ডি থ্রিলারের নায়ক হয়ে উঠলেন যিনি, তিনি অভিষেক শর্মা (Abhishek Sharma)। ব্যাট হাতে সংহারক মূর্তিতে দেখা দেন তিনি। ভাঙেন একগুচ্ছ রেকর্ড। সেঞ্চুরির পর দর্শকদের দিকে পাতায় লেখা ‘এই ইনিংস অরেঞ্জ আর্মির জন্য’ বার্তা তুলে ধরে উদযাপন করেন। যাকে ঘিরে পক্ষে-বিপক্ষে বাদানুবাদ ও চর্চা শুরু হয়েছে।
কাল ১৪১ রানের ইনিংসে অভিষেক মেরেছেন ১৪টি চার, ১০টি ছয়। খেলেছেন মাত্র ৫৫টি বল। যার জেরে ২৪৬ রানের টার্গেট নয় বলরআর হাতে ৮ উইকেট বাকি থাকতেই তুলে নেয় হায়দরবাদ। প্রথমার্ধের নায়ক যদি হন শ্রেয়স আইয়ার তাহলে ইন্টারভালের পর চিত্রনাট্যের ক্লাইম্যাক্স বদলে দেন অভিষেক। চলতি সিজনে কালকের আগে পর্যন্ত তাঁর আর ট্র্যাভিস হেডের জুটি সেভাবে ক্লিক করেনি। কিন্তু পাঞ্জাবের বিরুদ্ধে ওপেনিং পার্টনারশিপে ‘ট্র্যাভিষেকে’র ১৭১ রানের ইনিংসের পর হায়দরাবাদের সমর্থকেরা আশায় বুক বাঁধতেই পারেন।
তাড়া করতে নেমে অভিষেক শর্মার এই ১৪১ রান আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে এই রেকর্ড ছিল মার্কোস স্টোইনসের (১২৪ রান) দখলে। গতবছর লখনউয়ের হয়ে খেলতে নেমে তিনি এই রান করেছিলেন। প্রতিপক্ষ ছিল চেন্নাই সুপার কিংস।
সবমিলিয়ে এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান গড়ার তালিকায় তিন নম্বরে নিজের নাম খোদাই করে ফেললেন হায়দরাবাদের তরুণ ওপেনার। আগে স্রেফ দুজন। একজন ক্রিস গেইল। ২০১৩ সালে করা যার ১৭৫ রানের ইনিংস আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ। দ্বিতীয় স্থানে রয়েছেন ব্রেন্ডন ম্যাকালাম। যিনি ২০০৮ সালে টুর্নামেন্টের প্রথম ম্যাচেই বেঙ্গালুরুর বিরুদ্ধে ১৫৮ রান করেছিলেন।