দ্য ওয়াল ব্যুরো: শেষ ম্যাচেও জিতেও শেষরক্ষা হল না পি ভি সিন্ধুর। ভারতীয় ব্যাডমিন্টন রানী মরসুমের শুরুটা ভাল হল না। ভারতের অন্যতম সেরা ব্যাডমিন্টন তারকা জিতলেও প্রথম ২ ম্যাচে হারায় বিদায় নিতে হল টুর্নামেন্ট থেকে। ২১-১৮, ২১-১৫ ব্যবধানে তাইল্যান্ডের পোমপাউই চচুওংকে হারিয়ে দেন সিন্ধু।
গ্রুপে শেষ ম্যাচ জিতলেন পিভি সিন্ধু। আর, তৃতীয় ম্যাচও হারলেন কিদম্বি শ্রীকান্ত। তবে, প্রথম দুটি ম্যাচই হারায় বিদায় নিশ্চিতই ছিল। ভারতীয় শাটলাররা পৌঁছতে পারলেন না বিডব্লুএফ ওয়ার্ল্ড টুর ফাইনালস-এর নকআউটে।
তৃতীয় ম্যাচে বিশ্বের ১৩ নম্বর বিপক্ষকে ২১-১৮, ২১-১৫ হারালেন সিন্ধু। শ্রীকান্ত আবারও তিন গেমে হারলেন হংকং-এর এনজি লং আনগুস-এর কাছে ২১-১২, ১৮-২১, ১৯-২১।
টুর্নামেন্ট থেকে বিদায়ের পরে সিন্ধু জানিয়েছেন, ‘‘গতকাল পর্যন্তও ছিটকে যাইনি। সম্ভাবনা ছিল। কিন্তু তাইয়ের ম্যাচের ফলই পাল্টে দিল সবকিছুই। মোটের ওপর, খুব খারাপ হয়নি। যে কোনও প্লেয়ারের কাছে পরপর দুটো ম্যাচ হারার পর তৃতীয় খেলাটা কঠিন হয়ে দাঁড়ায়। কিন্তু এই ম্যাচটা জিতে ফিরছি। আত্মবিশ্বাস অটুট।’’
https://twitter.com/bwfmedia/status/1355062289385156608
এই হায়দরাবাদী সাংবাদিক সম্মেলনে আরও বলেছেন, ‘‘পরপর তিনটি প্রতিযোগিতায় খেললাম। অনেক দিন কোর্টের বাইরে থাকার পর ফিরে এসে বেশ ভাল লাগল। এবার বাড়ি যাব। কয়েকদিন বিশ্রাম। তারপর আরও শক্তিশালী হয়েই ফিরব।’’ প্রসঙ্গত, বিডব্লুএফ ওয়ার্ল্ড টুর ফাইনালস-এ প্রথম দু-দিনে তাই জু ইং এবং রাতচানোক ইন্তানোন-এর কাছে হেরেছিলেন বিশ্বচ্যাম্পিয়ন সিন্ধু।
শ্রীকান্ত তিনটি ম্যাচেই তিন গেম করে খেললেন। শেষ ম্যাচেও প্রথম গেম জেতার পর দ্বিতীয় ম্যাচে ফিরে আসার সুযোগ দিয়েছিলেন বিপক্ষকে। তৃতীয় ম্যাচে পিছিয়ে পড়লেও একটা সময় ১৯-১৯ করে আশা জাগিয়েছিলেন। কিন্তু পরের দুটি পয়েন্টে তাঁকে আর কোনও সুযোগ দেননি হংকং-এর শাটলার।