দ্য ওয়াল ব্যুরো: যিনি ফুটবল বোঝেন না, যিনি বলে কোনওদিন লাথিও মারেননি, তিনিও জেনে গিয়েছেন ক্রিশ্চিয়ান এরিকসেন নামটি। তিনি লিওনেল মেসিও নন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও নন। তাঁর নাম জানতে হবে, এমন কোনও কথা নেই। তিনি ইন্টার মিলানে খেলেন, ডেনমার্ক জাতীয় দলের হয়ে নিয়মিত তারকা। এটুকুই শুধু তাঁর পরিচয় ছিল।
গত শনিবার রাত থেকে তাঁর পরিচয়ই বদলে গিয়েছে। কোমায় চলে যাওয়া রোগীকেও বলতে হচ্ছে, ‘এরিকসেন পেরেছেন, আপনি পারবেন না?’ সেই মুমূর্ষু রোগীও নিমেষে চনমনে।
সেই ফুটবলারটি এবার হাসপাতাল থেকে সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, ‘‘আমি হাল ছাড়ব না, ঠিক ফিরব, এখনই মনে হচ্ছে দৌড়ে মাঠে নেমে যাই, ট্রেনিং করি।’’
শুধু তাই নয়, ডেনমার্ক জাতীয় দলের বাকি সদস্যদের প্রতি, বিপক্ষ দল ফিনল্যান্ড দলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন এই নামী মিডফিল্ডার। এমনকি সারা বিশ্বে যত সমর্থক রয়েছেন, যাঁরা প্রার্থনা করেছেন তাঁর জন্য, সবাইকে অভিনন্দন জানিয়েছেন ওই তারকা।
মাঠের মধ্যেই নিথর হয়ে গিয়েছিলেন। ক্রিশ্চিয়ান এরিকসেনকে নিয়ে ভয় পেয়ে গিয়েছিলেন সবাই। প্রাথমিক চিকিৎসায় জ্ঞান না ফেরায় তাঁকে দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সতীর্থ ও ভক্ত-সমর্থকদের অনেকেই কান্নায় ভেঙে পড়েছিলেন। এখন পর্যন্ত উদ্বেগ-উৎকণ্ঠাতেই সময় কাটছে তাঁদের।
দলের অধিনায়ক কায়ের সেদিন সিপিআর দিয়েছিলেন, তাতেই প্রাথমিক বিপর্যয় কাটিয়ে ওঠা গিয়েছিল। তাঁকে নিয়ে সতীর্থরা কতটা চিন্তিত, সেটি বুঝতে পারছিলেন এরিকসেনও। ডেনমার্কের কোচ কেসপার জামল্যান্ড জানান, ‘‘জ্ঞান ফেরার পর সতীর্থদের উদ্দেশ্যে একটি বার্তা পাঠিয়েছিলেন এই মিডফিল্ডার, যাতে লেখা ছিল, ‘‘আমার মনে, আমি যতটা খারাপ অনুভব করছি তোমরা হয়তো তারও চেয়ে বেশি করছো। আমার মনে হচ্ছে, এখনই যদি ট্রেনিংয়ে নেমে যেতে পারতাম! তবে সেই সুযোগ তো নেই।’’
এ তো ছিল সতীর্থদের উদ্দেশ্যে বার্তা। এবার সবার সামনে নীরবতা ভাঙলেন এরিকসেন। এজেন্টের মাধ্যমে ‘গেজেটা ডেলো স্পোর্ট’কে দেওয়া এক বিবৃতিতে ২৯ বছর বয়সী এই ফুটবলার ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
এত বড় দুর্ঘটনার পরও হাল ছাড়বেন না জানিয়ে এরিকসেন বলেন, ‘‘ধন্যবাদ। আমি হাল ছাড়ব না। এখন একটু সুস্থ বোধ করছি। তবে কি ঘটেছে, বুঝতে চেষ্টা করছি। আমার জন্য আপনারা যা করেছেন, তার জন্য কৃতজ্ঞতা।’’
তবে কি কারণে এমন দুর্ঘটনা ঘটেছে, সেটি এখনও পুরোপুরি পরিষ্কার নয়। ডেনমার্ক দলের চিকিৎসক মোর্টেন বোয়েসেন জানিয়েছেন, এখন পর্যন্ত রিপোর্টে সবই স্বাভাবিক দেখা যাচ্ছে।
মিডিয়াকে তিনি বলেন, ‘‘পরীক্ষায় এখনও পর্যন্ত সবকিছু ঠিকঠাকই দেখা যাচ্ছে। আমরা বলতে পারছি না কেন এটা হলো। আমিও সামনে থেকে দেখিনি। ঘটনাটা স্ক্রিনে দেখেছি। আপনারা যেমন দেখেছেন আমিও তেমনই। এর ব্যাখ্যা দিতে পারছি না।’’