দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসের জেরে এবার বাতিল হল টেনিসের সবথেকে গুরুত্বপূর্ণ গ্র্যান্ড স্ল্যাম উইম্বলডন। এক বছরের জন্য পিছিয়ে দেওয়া হল এই টুর্নামেন্ট। আগামী বছর ২৮ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত হবে এই টুর্নামেন্ট।
প্রতি বছর সাধারণত জুনেই হয়ে থাকে অল ইংল্যান্ড টেনিস চ্যাম্পিয়নশিপ বা উইম্বলডন। টেনিস তারকাদের কাছে এই গ্র্যান্ড স্ল্যাম জেতার মূল্য সবথেকে বেশি। ঘাসের কোর্টের রাজা হওয়ার যুদ্ধে নামেন সবাই। কিন্তু এই মুহূর্তে বিশ্বজুড়ে থাবা বসিয়েছে করোনা। ইংল্যান্ডেও তার প্রভাব পড়েছে। গত ২৪ ঘণ্টায় এই দেশে ৫০০ জনের বেশি মারা গিয়েছেন। এই পরিস্থিতিতে এই টুর্নামেন্ট বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উইম্বলডন কমিটির তরফে জানানো হয়েছে, "এই মুহূর্তে করোনা সংক্রমণ যেভাবে ছড়িয়েছে, তাতে এই টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব নয়। তাই এবারের প্রতিযোগিতা বাতিল করা হল। আগামী বছর ২৮ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত হবে এই টুর্নামেন্ট।"
তবে এই প্রথম নয়, করোনা সংক্রমণের কারণে এর আগে একের পর এক প্রতিযোগিতা হয় বাতিল করা হয়েছে, নয় পিছিয়ে দেওয়া হয়েছে। এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লা লিগা, ইতালিয়ান সিরি এ, বুন্দেশলিগা, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ বাতিল হয়েছে। ক্রিকেটেও একের পর এক সিরিজ বাতিল হয়েছে। শুটিং বিশ্বকাপ বন্ধ হয়ে গিয়েছে। সেই তালিকায় এবার যোগ হল উইম্বলডনও।