দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্র সরকারের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করলেন ভারতের নামী বক্সার বিজেন্দর সিং। তিনি রবিবার দিল্লির সিঙ্ঘু বর্ডারে কৃষকদের বিক্ষোভ মঞ্চে হাজির থেকে নরেন্দ্র মোদী সরকারকে হুমকি দিয়েছেন, ‘‘যদি কৃষক আইন প্রত্যাহার না করা হয়, তা হলে আমি সরকারের থেকে যত পুরস্কার পেয়েছি, সব ফিরিয়ে দেব। এমনকি রাজীব খেলরত্ন পুরস্কারও আমি ফিরিয়ে দিতে চাই।’’
কৃষি আইনের বিরুদ্ধে কৃষক বিক্ষোভকে বিজেন্দর শুরু থেকেই সমর্থন জানিয়ে আসছেন। এমনকি হরিয়ানার বিখ্যাত বক্সার সোশ্যাল মিডিয়ায় বারবার কৃষকদের পাশে রয়েছেন বলে ভরসাও দিয়ে এসেছেন।
ভিডিও বার্তায় মোদী সরকারের উদ্দেশ্যে তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘‘কৃষকরাই সব তৈরি করবে আর তাঁরাই সব সুবিধা থেকে বঞ্চিত হবে, এটা ঠিক নয়। দাবি না মানলে সরকারকেই সমস্যায় পড়তে হবে। কারণ মানুষই সরকার গড়ে। অন্য পথে হাঁটলে তার পতন হতেও সময় লাগবে না।’’
শুধু মুখে কথা নয়, তিনি এবার সোজা রণাঙ্গনে হাজির হয়ে গিয়েছেন। রবিবার তিনি গিয়েছিলেন হরিয়ানা-দিল্লি সিঙ্ঘু বর্ডারে, সেখানে তিনি আন্দোলনে যোগ দেন। সেই বিক্ষোভ সমাবেশে হাজির হয়ে ভারতের অন্যতম নামী ক্রীড়াবিদ বলেন, “এই আইন যদি কেন্দ্র প্রত্যাহার না করে, তাহলে আমি খেলরত্ন পুরস্কার ফিরিয়ে দেব। কোনও ভারতীয় ক্রীড়াবিদের জীবনে যা সর্বোচ্চ সম্মান হিসেবে গন্য হয়।”
এরপরই কৃষকদের কষ্টের কথা তুলে ধরে তিনি জানান,“পাঞ্জাবে ট্রেনিংয়ের সময় আমি কৃষকদের ঘরে থেকে তাঁদের হাতে বানানো রুটি খেয়েছি। তাই আমি কৃষকদের কষ্ট বুঝি, তাঁদের দাবিগুলি কখনই অন্যার্য্য নয়।’’
বিজেন্দর না থেমে আরও বলেছেন, ‘‘কৃষকরাই এখন ঠান্ডার মধ্যে কষ্টে দিনযাপন করছেন। সেই সমস্ত ভাইয়ের পাশে দাঁড়াতেই এখানে এসেছি। হরিয়ানা থেকে আরও অনেক ক্রীড়াবিদ বিক্ষোভে শামিল হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু সরকারি চাকরির কারণে তাঁরা আসতে পারেননি। তবে তাঁরাও জানিয়ে দিয়েছেন, কৃষকদের পাশেই আছেন।’’
৩৫ বছরের এই নামী পেশাদার বক্সার গত লোকসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে দক্ষিণ দিল্লি থেকে প্রার্থী হয়েছিলেন। কিন্তু সেই নির্বাচনে হেরে যান। এর আগে বিজেন্দরের মতোই হরিয়ানা ও পাঞ্জাব থেকে বহু নামী ক্রীড়াবিদ কৃষক আইনের বিরুদ্ধে গর্জে উঠে তাঁদের পুরস্কার ফিরিয়ে দেওয়ার কথা বলেছিলেন। এবার বিজেন্দরের পাশে দাঁড়ানোয় কেন্দ্র সরকার আরও কোনঠাসা হল সন্দেহ নেই।