দ্য ওয়াল ব্যুরো: এটিকে- মোহনবাগানের বিরুদ্ধে হেরে মাঠ ছাড়তে হয়েছিল কিবু ভিকুনাকে। আইএসএলের দ্বিতীয় ম্যাচেও কেরালা ব্লাস্টার্স জিততে পারেনি। নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলা ২-২ শেষ হয়েছে।
বিরতিতে এগিয়ে ছিল কেরল দুই গোলে। সবাই ভেবে নিয়েছিলেন একপেশে ম্যাচে জিতে যাবে ভিকুনার দল। কিন্তু প্রাক্তন মোহনবাগান কোচের দলের বাজেট ৫৩ কোটি হলেও সেই জয় অধরাই থেকে গিয়েছে।
খেলা শুরুর ৫ মিনিটের মধ্যে এগিয়ে গিয়েছিল কেরল। সেটপিস থেকে দুরন্ত হেডে ১-০ করেছিলেন সের্জিও সিডোনচা। বিরতির ঠিক আগে সেটাই হয়ে গেল ২-০। পেনাল্টি থেকে ইনজুরি টাইমে ব্যবধান বাড়ালেন হুপার।
পিছিয়ে পড়ে দারুণ প্রত্যাবর্তন ঘটাল নর্থইস্ট ইউনাইটেড। ৯০ মিনিটের শেষে কিবু ভিকুনার দলকে এক পয়েন্ট নিয়েই সন্তষ্ট থাকতে হল। বিরতির আগে যে নর্থইস্ট ইউনাইটেড ২ গোলে পিছিয়ে পড়েছিল, সেই দলের হয়ে ৫১ মিনিটে আপিয়া ব্যবধান কমান। খেলার একেবারে শেষ লগ্নে মরণ কামড় দেয় নর্থইস্ট ইউনাইটেড। খেলা শেষ হওয়ার আগে নর্থইস্ট সমতা ফেরায়। গোল করেন সাইলা।
জন আব্রাহামের দল নর্থ ইস্ট দুটি ম্যাচেই পয়েন্ট পেল। প্রথম ম্যাচে তারা মুম্বই সিটি এফসিকে হারিয়েছিল। এদিন ড্র করায় তারা তালিকায় উপরের দিকেই। এদিন উপরি পাওয়া ম্যাচে লড়াই করে ফিরে আসা।
এদিন তার মধ্যে, দিয়েগো মারাদোনার প্রয়াণে শোকস্তব্ধ বিশ্বফুটবল। এ দিন ম্যাচ শুরুর আগে বিশ্বকাপজয়ী প্রাক্তন আর্জেন্টাইন অধিনায়ককে শ্রদ্ধা জানায় কেরল ও নর্থইস্ট। তারা খেলা শুরুতে নিরবতা পালন করে, এমনকি মারাদোনার একটি পোস্টার নিয়ে সারিবদ্ধভাবে ফুটবলাররা দাঁড়িয়ে শ্রদ্ধা জানায়।