দ্য ওয়াল ব্যুরো: অনেকগুলি বিষয় উঠবে ২৪ ডিসেম্বরের সভায়। প্রথমত, অ্যাডিলেডে ভারতীয় দলের ৩৬ রানে শেষ হয়ে যাওয়া। দ্বিতীয়ত, সামনের আইপিএলে কয়টি দল খেলবে, সেই ব্যাপারে ব্যবস্থা নেওয়া। আসন্ন ইংল্যান্ড সফরে নিয়ে আলোচনা। নতুন তিন নির্বাচক কারা হবেন, সেই নিয়েও কথা হবে বৃহস্পতিবারের ভারতীয় বোর্ডের বার্ষিক সাধারণ সভায়।
সর্বোপরি আরও একটি বিষয় মাথাচাড়া দিয়ে উঠবে। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট পদে থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় কীভাবে সংস্থার নিজস্ব স্পনসরের প্রতিপক্ষ প্রতিষ্ঠানের সঙ্গে নিজেকে জড়ালেন।
যাঁকে নিয়ে বিতর্ক, তাঁর নাম যেহেতু সৌরভ, সেই কারণে বোর্ডের সকল কর্তারাও জানেন তিনি কীভাবে ওইসব বিষয়গুলিকে পাশ কাটিয়ে ফের সভা আলোময় করে দেবেন, সেটি তিনিই জানেন। কারণ ক্যারিশমায় সৌরভ বাকিদের দশ গোল দেবেন, তাঁর সেই গুণ সম্পর্কে সবাই অবহিত।
গত তিনদিন ধরেই তিনি আহমেদাবাদে রয়েছেন, তার মানে এমন কিছু তাঁর মাথায় রয়েছে যেটিতে তিনি সকলকে স্টান্ট করে দেবেন। এমন এক আবহের মধ্যেই আজ বুধবার নবনির্মিত মোতেরা স্টেডিয়ামে কোনও ক্রিকেট ম্যাচ হতে চলেছে। এই ম্যাচের একটি দলের অধিনায়ক সৌরভ স্বয়ং, অন্য দলের নেতা আবার বোর্ড সচিব জয় শাহ, যিনি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অমিত শাহর পুত্র।
বিশ্বের সর্ব বৃহৎ স্টেডিয়াম হিসেবে স্বীকৃতি পেয়ে গিয়েছে আমেদাবাদের মোতেরা স্টেডিয়াম। এই মাঠেই কিন্তু সেঞ্চুরি করে প্রথম পাদপ্রদীপের আলোয় এসেছিলেন বিরাট কোহলি। মোতেরা স্টেডিয়ামে একসঙ্গে ১ লাখ ১৪ হাজার দর্শক বসে খেলা দেখতে পারবেন। এই দর্শকাসন কোথাও নেই, সে লর্ডস হোক বা ইডেন, কিংবা ব্রিসবেন বা অ্যাডিলেড, বা ওভাল ক্রিকেট গ্রাউন্ড।
এই মাঠে ব্যাট হাতে নামতে দেখা যাবে সৌরভকে। আবারও ভারতের অন্যতম সেরা বাঁহাতিকে স্টেপ আউট করে বাপি বাড়ি যা.. ঢঙে ছক্কা হাঁকাতে দেখা যাবে। ম্যাচ রেফারি হিসেবে থাকবেন বিসিসিআই-র বর্ষিয়ান কর্তা ভাইস প্রেসিডেন্ট কংগ্রেস নেতা রাজীব শুক্লা।
এই ম্যাচে খেলবেন বোর্ডের সব আধিকারিকরা, এমনকি দেখা যেতে পারে কয়েকজন নামী প্রাক্তনদেরও। মাঠের খেলা তো আকর্ষণের, পাশাপাশি বোর্ডের সভায় কয়েকটি বিষয় এতই জ্বালাময়ী আকার ধারণ করতে পারে যে বাইশগজের লড়াইকে সেখানে ‘শিশু’ মনে হচ্ছে।