মোতেরা মাতালেন সৌরভ, আজহাররা, পর্যবেক্ষক হিসেবে হাজির শ্রীনাথও
দ্য ওয়াল ব্যুরো: মহাতারকাদের বৃত্তের দীপ্তি অন্যরকম হয়। বুধবার আহমেদাবাদের মোতেরা স্টেডিয়াম সেই স্মরণীয় মুহূ্র্তের সাক্ষী থাকল। বৃহস্পতিবার এই শহরে হবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ৮৯তম বার্ষিক সাধারণ সভা। ওই সভায় নির্বাচন হবে না, আবারও
শেষ আপডেট: 23 December 2020 13:50
দ্য ওয়াল ব্যুরো: মহাতারকাদের বৃত্তের দীপ্তি অন্যরকম হয়। বুধবার আহমেদাবাদের মোতেরা স্টেডিয়াম সেই স্মরণীয় মুহূ্র্তের সাক্ষী থাকল। বৃহস্পতিবার এই শহরে হবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ৮৯তম বার্ষিক সাধারণ সভা। ওই সভায় নির্বাচন হবে না, আবারও প্রেসিডেন্ট হিসেবে মনোনিত হবেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব পদে থাকবেন অমিত শাহ পুত্র জয় শাহ।
ওই বৈঠকের আগে নবনির্মিত মোতেরা স্টেডিয়ামে দেশের ক্রিকেট কর্তাদের নিয়ে একটি ১২ ওভারের প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। একটি দলের নেতা ছিলেন প্রেসিডেন্ট সৌরভ, অন্য দলের অধিনায়ক করা হয় জয়কে। এই ম্যাচে জয় শাহ একাদশ (১২৮/৩) ২৮ রানে হারিয়ে দিয়েছে সৌরভ একাদশকে (১০০/৪)। সৌরভ ৩৭ বলে ৫৩ রান করে মন জয় করে নিয়েছেন। জয় শাহ করেছেন মাত্র দুই রান।
ম্যাচটিতে খেলেছেন মহম্মদ আজহারউদ্দিন, যিনি আবার হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টও বটে। ম্যাচ রেফারি হিসেবে ছিলেন সংস্থার ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা। এমনকি দেখা গিয়েছে সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়াকে। দেশের রাজ্য ক্রিকেট সংস্থার শীর্ষ আধিকারিকদের এই ম্যাচে খেলার জন্য আমন্ত্রন জানানো হয়।

উল্লেখযোগ্য হাজিরা ছিল ভারতের নামী প্রাক্তন পেসার জাভাগল শ্রীনাথের। তিনি আইসিসি-র ম্যাচ রেফারি হিসেবে নবকলেবর মোতেরা স্টেডিয়ামের ব্যবস্থাপনা ঘুরে ঘুরে দেখেছেন। তাঁকে সেই কারণেই আইসিসি এই দায়িত্ব দিয়েছিল। শ্রীনাথ সিনিয়র ম্যাচ রেফারি হিসেবে দীর্ঘদিন এই কাজ সামলাচ্ছেন। তিনি মোতেরার ব্যবস্থাপনা দেখে খুশি। এই মাঠে খেলা দেখতে পারবেন ১ লাখ ১৪ হাজার দর্শক।
এই মাঠেই ভারত ও ইংল্যান্ডের সিরিজের সাতটি ম্যাচ হবে। দুটি টেস্ট ও পাঁচটি টি ২০ ম্যাচ হবে এই মাঠে। এই নিয়ে বিসিসিআই-কে প্রবল ক্ষোভের মুখে পড়তে হয়েছে। মুম্বইয়ের থেকে বোর্ডের সদরদপ্তর নরেন্দ্র মোদীর শহরে স্থানান্তরিত হয়েছে, তা অস্বীকার করা যাবে না।
১২ ওভারের ম্যাচটি শেষ হয় সন্ধ্যে সাড়ে ছয়টা নাগাদ। সৌরভ, আজহাররা ফের মাঠে নেমে ব্যাটিং করেছেন। সৌরভ শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন ২০০৮ সালে নাগপুরে। আইপিএল শেষ করেছেন ২০১২ সালে। তারপর আবারও তিনি কোনও ম্যাচ খেলতে নামলেন।
বৃহস্পতিবার বোর্ডের গুরুত্বপূর্ণ সভায় বহু বিষয় নিয়ে আলোচনা হবে। সৌরভের স্বার্থের সংঘাত ইস্যু রয়েছে, নির্বাচক বাছাই, আইপিএলে কয়টি দল অংশ নেবে, কবেই বা হবে নিলাম। সবটাই আলোচনা হবে, এমনকি সৌরভ ও জয় দু’জনে কতদিন বোর্ডের চেয়ারে থাকতে পারবেন, সেটিও আলোচনায় আসবে।