সাদা শার্ট, বেগুনি টুপিতে নাইটদের ম্যাচে কিং খান, নতুন লুকে বাজিমাত শাহরুখের
দ্য ওয়াল ব্যুরোঃ আইপিএলে কলকাতা নাইট রাইডার্স খেলবে আর মাঠে শাহরুখ খান থাকবেন না সেটা কী করে হয়। ইডেনে খেলা হলেই ক্লাব হাউসের দোতলার ঠিক কোণার দিকে বসে থাকতে দেখা যায় বাজিগরকে। কিন্তু এবার করোনা আবহে খেলা হচ্ছে সুদূর সংযুক্ত আরব আমিরশাহীতে।
শেষ আপডেট: 1 October 2020 11:24
দ্য ওয়াল ব্যুরোঃ আইপিএলে কলকাতা নাইট রাইডার্স খেলবে আর মাঠে শাহরুখ খান থাকবেন না সেটা কী করে হয়। ইডেনে খেলা হলেই ক্লাব হাউসের দোতলার ঠিক কোণার দিকে বসে থাকতে দেখা যায় বাজিগরকে। কিন্তু এবার করোনা আবহে খেলা হচ্ছে সুদূর সংযুক্ত আরব আমিরশাহীতে। তাতে কী! দলকে তাতাতে ফের একবার মাঠে দেখা গেল শাহরুখকে। আর তাঁর সামনেই শক্তিশালী রাজস্থান রয়্যালসকে হারাল নাইটরা। তবে সব কিছুর উপরে শাহরুখের নতুন লুক দেখে অবাক সবাই। এসআরকের নয়া অবতারে আগুন লেগে গিয়েছে নেট দুনিয়ায়।
দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে তখন খুব একটা ভাল অবস্থায় ছিল না কলকাতা নাইট রাইডার্স। মরগ্যান, রাসেলরা দলকে একটা ভাল জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। তখনই গ্যালারির দিকে ক্যামেরা তাক করতেই দেখা গেল বসে রয়েছেন তিনি। সাদা শার্ট, নীল জিন্স। শার্টের কলারের কাছে হালকা বেগুনি ছোঁয়া। মুখে কালো রংয়ের মাস্ক। আর মাথায় বেগুনি টুপি। তার নীচ দিয়ে দেখা যাচ্ছে ঘাড় অবধি লম্বা চুল। ব্যস! এই এক লুকেই বাজিমাত করলেন শাহরুখ।
যতই তিনি মাস্ক পরে থাকুন না কেন, শাহরুখকে চিনতে ভুল হয়নি কারও। তারপর থেকে ম্যাচ শেষ হওয়া অবধি গ্যালারিতেই থাকলেন তিনি। আর তাঁকে দেখে যেন খেলাটা বদলেই গেল নাইটদের। প্রথমে ব্যাট করে ১৭৪ তোলার পর বল হাতে রাজস্থানকে মাথা তোলার সুযোগই দিলেন না শিবম মাভি, কমলেশ নাগারকোটিরা। ৩৭ রানের বড় ব্যবধানে জেতার পর দল যখন ভিক্ট্রি ল্যাপ দিচ্ছে তখন গ্যালারিতে হাততালি দিচ্ছেন দলের মালিক।

খেলার শেষে দলের ক্রিকেটাররা শাহরুখকে দেখে খুবই খুশি। দূর থেকেই এক অন্যকে শুভেচ্ছা জানালেন তাঁরা। একটা সময় শাহরুখকে দেখা গেল মাস্ক খুলে হাসিমুখে হাততালি দিচ্ছেন। সবাইকে নিজের লম্বা চুলও দেখালেন তিনি। তবে করোনা আবহে মাঠে নেমে ক্রিকেটারদের আর জড়িয়ে ধরা হল না। মাঠে এদিন শাহরুখের সঙ্গে তাঁর স্ত্রী গৌরী ও ছেলে আরিয়ানও ছিলেন।
শাহরুখের মাঠে থাকার কথা জানানো হয় কলকাতা নাইট রাইডার্সের
ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। সেখানে লেখা হয় “দল আনন্দে থাকলেই দলের মালিক এসআরকেও আনন্দে থাকেন।”
https://www.instagram.com/p/CFykLSNFkZx/?igshid=vmg5rb34ockr
ম্যাচ শেষে টুইট করেন শাহরুখও। মাস্টার ব্লাস্টার শচীন তেণ্ডুলকর কলকাতার খেলার প্রশংসা করেছেন। সেই টুইট তুলে ধরে তিনি লেখেন, “এর পরে আমি কেকেআর দলের সম্পর্কে কিছু বলার কোনও মানেই থাকে না। মহান মানুষই সব বলে দিয়েছেন। খালি ভাল লাগছে এটা দেখে যে তরুণ প্রতিভারা নিজেদের সুযোগ কাজে লাগাচ্ছে। তোমাদের খুব ভালবাসি। একটু দূর থেকে অনেকটা ভালবাসা।”
https://twitter.com/iamsrk/status/1311386543139905536?s=19
অবশ্য কিং খানের লুকেই মজেছে নেট দুনিয়া। এই লুক রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সবাই এই নতুন চেহারার প্রশংসা করেছেন। বিশেষ করে তাঁর চুলের কায়দার প্রশংসা করেছেন শাহরুখ ভক্তরা। কেউ তো বলছেন ডন ৩-এর শ্যুটিং হয়তো শুরু করবেন বাজিগর। তাই এই নতুন লুক। সে যে কারণেই তিনি নিজের লুক বদলান, তাঁর আগমনে যে অন্য এক নাইট রাইডার্সকে দেখা গিয়েছে তাতেই আনন্দে নাইট সমর্থকরা।