দ্য ওয়াল ব্যুরো : করোনা কালের লড়াই ডিঙিয়ে নতুন মরসুমে নতুন পথ চলা শুরু করবেন, এমনই ভেবেছিল ঘানার যুব দলের ফুটবলাররা। কিন্তু ভয়াবহ পথ দুর্ঘটনায় নিহত হল তরুণ সাত ফুটবলার। গাড়িতে মারা যায় ছয়জন, বাকি একজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাকেও চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
ঘানা ফুটবল সংস্থার তরফ থেকে নিশ্চিত করা হয়েছে যুব ফুটবলারদের মৃত্যুর খবর। গত শনিবার কোল্টস লিগে রেজিস্ট্রেশনের জন্য আফ্রাঞ্চোতে গিয়েছিলেন আফ্রিকান ভিশন অ্যাকাডেমির ৩৪ জনের দল। সেখান থেকে আফিনসো-তে ফেরার পথে কুমাসি-আফিনসো সংযোগস্থলে দুর্ঘটনার কবলে পড়ে তাদের গাড়ি।
নিয়ন্ত্রণ হারিয়ে সঙ্গে সঙ্গে গভীর নদীতে পড়ে যায় ওই মিনি বাস। ঘটনাস্থলেই মারা যান ছয় ফুটবলার। দীর্ঘসময় ধরে সেখানেই পড়ে ছিল বাসটি। বেশ দুর্গম জায়গায় দুর্ঘটনা ঘটায় উদ্ধারকাজেও বেগ পেতে হয়েছে অনেক। একজনকে তারপরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনিও মারা যান। এছাড়া গুরুতর আহত হয়েছেন অন্তত ২৫ জন।
ঘানা ফুটবল সংস্থার সরকারি ওয়েবসাইটে এই ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, আগামী এক সপ্তাহ দেশের বুকে কোনও খেলা হবে না। এমনকি খেলা সম্পর্কিত কোনও অনুষ্ঠানও বাতিল করা হয়েছে। ঘানা সংস্থার শীর্ষ কর্তারা তারপরে হাসপাতালে যান। গিয়ে দেখেন সব ফুটবলারদের গড় বয়স ১২ থেকে ১৬ বছরের মধ্যে।
বিভিন্ন ওয়েবসাইটের ভিন্ন মত, তবে পুলিস মারফৎ রিপোর্ট করা হয়েছে বাসের টায়ার বাস্ট করার পরেই নিয়ন্ত্রন চলে যায় গাড়ির। জানা গিয়েছে বাসে মোট ৩৬ জন ফুটবলার ও সাপোর্ট স্টাফ ছিল।
আফিনসো ট্রাফিক বিভাগের কমান্ডার এডমুন্ড নিয়ামে স্থানীয় সংবাদমাধ্যমে বলেছেন, ‘‘আমাদের প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে, বাসটি পুরোটাই ফুটবলারদের নিয়ে ছিল। যারা একটি লিগে (রেজিস্ট্রেশন) অংশ নিয়ে ফিরছিল। আফিন নদীর কাছাকাছি আসতে অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বাসটি নদীতে পড়ে যায়।’’