দ্য ওয়াল ব্যুরো: দারুণ ছন্দে বিরাজ করছে এটিকে-মোহনবাগান। গত তিনটি ম্যাচই তারা জিতেছে। রবিবার ভ্যালেন্টাইন ডে-তে জামশেদপুর এফসি-র বিপক্ষে নামবে সবুজ মেরুন দল
যতই প্রেম দিবসে খেলতে নামুক না কেন, লড়াইয়ের ডাক দিয়েছেন এটিকে-মোহনবাগান কোচ। আন্তোনিও লোপেজ হাবাস জানিয়েছেন, ‘‘প্রথম লেগে আমরা এই জামশেদপুরের কাছেই ২-১ গোলে হেরেছিলাম। তাই এবার জোর লড়াই করে মধুর প্রতিশোধ নিতে চাই।’’
হাবাস সাধারণত এমনভাবে কথা বলেন না, কিন্তু তিনি মনে করেন শীর্ষে যেতে হলে এই ম্যাচ জিততেই হবে। ইতিমধ্যেই অবশ্য প্লে-অফে জায়গা কার্যত পাকা করে ফেলেছেন রয় কৃষ্ণরা। গ্রুপ পর্যায়ে আর চারটে ম্যাচ বাকি। তবু এটিকে মোহনবাগান কোনও ভাবে হালকা নিতে চাইছে না।
১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দুইয়ে এটিকে-মোহনবাগান। এক পয়েন্টে এগিয়ে রয়েছে মুম্বই সিটি এফসি। চার ম্যাচের সবগুলিতে জয় পেলে হাবাসের দলও শীর্ষে থেকে শেষ করবে।
মাঝমাঠের এডু গার্সিয়ার হ্যামস্ট্রিংয়ের চোট এখনও সারেনি। মাঠে ফিরতে আরও দশ দিন সময় লাগবে। ফলে ডার্বি যুদ্ধে দলের মিডফিল্ড জেনারেল থাকবেন না। রয় কৃষ্ণ ১২ গোল করে চলতি মরসুমে ‘গোল্ডেন বুট’এর দাবিদার। টানা ১৬টি ম্যাচ খেলেছেন রয় কৃষ্ণ, সেই কারণেই ম্যাচের আগেরদিন শনিবার রয় কৃষ্ণদের কোচ বলেছেন, ‘‘প্রতি ম্যাচেই ৯০ মিনিট করে ম্যাচ খেলেছে রয়, তাই আমি কাল রবিবার ওকে বিশ্রামও দিতে পারি, কারণ ও তো যন্ত্র নয়।’’
এই জামশেদপুরকে আবার ইস্টবেঙ্গল হারিয়েছিল। সেটি মাথায় রয়েছে সবুজ মেরুন কোচের। তিনি সেই কারণেই জানিয়েছেন, ‘‘খেলায় যা কিছুই হতে পারে। তবে আমাদের লক্ষ্য শীর্ষে শেষ করা, তাই আমাদের ম্যাচটি জিতে রাখা উচিত।’’ তিনি এও মনে করেন, শুধু ডার্বি জিতলেই হবে না, বাকি ম্যাচগুলিকেও সমান গুরুত্ব দিতে হবে।
গত ম্যাচে বেঙ্গালুরু এফসিকে ২-০ গোলে উড়িয়ে দেওয়ার পরে দলের আত্মবিশ্বাস অনেক বেড়ে গিয়েছে। সেটি মানলেও হাবাস জানিয়ে রেখেছেন, আক্রমণাত্মক ছকেই আমরা খেলতে চাই। তিনি এও বলেছেন, ‘‘ডেভিড উইলিয়ামসকে নিয়ে কথা হচ্ছে ঠিকই, কিন্তু আমি মনে করি ডেভিড আসল সময়ে জ্বলে উঠে নিজের জাত চেনাবে।’’
কোচ তাঁকে বিশ্রাম দিতে চাইলেও রয় কৃষ্ণ তা চাইছেন না। কারণ ছন্দে ফিরেছেন আবারও। সেই দৌড় বজায় রেখে দিতে চান। সেই হিসেবেই বলেছেন, ‘‘কে না চায় তাঁর গোলে দল জিততে। আমিও চাই তেমনি, দেখা যাক কী হয়। কোচ যা বলবেন, তাই করব।’’