দ্য ওয়াল ব্যুরো: সব থেকে বড় ভুল হয়েছিল, ঋদ্ধিমান সাহাকে যেমন আইপিএলের মঞ্চ থেকে অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়া হয়। সেরকম যদি রোহিত শর্মাকে নিয়ে যাওয়া হতো, সেক্ষেত্রে তাঁকে ছিটকে যেতে হতো না প্রথম দুটি টেস্ট থেকে।
আশঙ্কাই সত্যি হল অবশেষে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম দুটি টেস্টে খেলতে পারবেন না রোহিত ও ঈশান্ত শর্মা। তাঁদের দুইজনেরই চোট সারেনি। রোহিতকে হয়তো শেষ দুটি টেস্টে দলে দেখতে পাওয়া যাবে, কিন্তু ঈশান্তকে পাওয়া যাবে না, এটাই মনে করছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
আইপিএল চলাকালীনই হ্যামস্ট্রিংয়ের চোট পান রোহিত। তারপরও খেলেছেন টুর্নামেন্টের শেষ তিনটি ম্যাচে। ফাইনালে তাঁর ব্যাটে ভর করেই খেতাব পায় মুম্বই। তবে পুরোপুরি চোটমুক্ত এখনও হননি। সম্পূর্ণভাবে চোট সারাতে এই মুহূর্তে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন হিটম্যান।
রোহিত আইপিএল খেলে দেশে ফিরে আসেন। সেইসময় বলা হয়, ইশান্তের ফিটনেসের অবস্থা দেখার পর তাঁর টেস্ট টিমে অন্তর্ভুক্তির কথা ভাবা হবে। আসলে ইশান্তের তলপেটের পেশি ছিঁড়ে গিয়েছিল। সেই কারণে আমিরশাহী আইপিএল থেকেও ছিটকে গিয়েছিলেন তিনি।
শেষ মুহূর্তে এই দুই তারকাকে কোনওভাবে অস্ট্রেলিয়া পাঠানো যায় কিনা তা খতিয়ে দেখতে সম্প্রতি বেঙ্গালুরু ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে গিয়েছিল বোর্ডের একটি বিশেষজ্ঞ দল। কিন্তু অ্যাকাডেমি থেকে জানিয়ে দিয়েছে, রোহিতকে আরও অন্তত ২ সপ্তাহ রিহ্যাবে থাকতে হবে।
৮ ডিসেম্বরের আগে তাঁর অস্ট্রেলিয়ার বিমান ধরা হচ্ছে না। অস্ট্রেলিয়ায় নেমে আবার ১৪ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক। সেক্ষেত্রে ২২ ডিসেম্বরের আগে রোহিত ও ঈশান্ত প্র্যাকটিস শুরু করতে পারবেন না।
তারপরও ১০০ শতাংশ ম্যাচ ফিট হতে সময় লাগবে তাঁর। ৭ জানুয়ারি তৃতীয় টেস্ট শুরুর আগে তাই মাঠে নামতে পারছেন না তিনি। শোনা যাচ্ছে, প্রথম দুই টেস্টের জন্য রোহিতের পরিবর্ত হিসেবে শ্রেয়স আইয়ারকে ভাবা হতে পারে। সীমিত ওভারের সিরিজের জন্য অস্ট্রেলিয়াতেই আছেন শ্রেয়স।
এদিকে ইশান্তের ক্ষেত্রে সমস্যা আরও জটিল। আনফিট হওয়ার পাশাপাশি ম্যাচ প্র্যাকটিসও নেই তাঁর। এনসিএ বলছে, এই মুহূর্তে ৭০-৮০ শতাংশ ফিট তিনি। পুরোপুরি ম্যাচ ফিট হতে তাঁর একমাস লেগে যেতে পারে। সেই কারণে মনে করা হচ্ছে, ঈশান্তের ফিট হয়ে খেলতে টেস্ট সিরিজ শেষ না হয়ে যায়!
অনেকেই মনে করছেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্বপ্রাপ্ত রাহুল দ্রাবিড় চোটের বিষয়ে এতটাই কড়া যে তিনিই রোহিত ও ঈশান্তকে আধা ফিট অবস্থায় অস্ট্রেলিয়া যেতে দিলেন না।