দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হবে আগামী ১৭ ডিসেম্বর। তার আগে ডন ব্র্যাডম্যানের দেশে প্র্যাকটিস ম্যাচে চাপে থাকল ভারতীয় এ দল। যেদিন বিরাট কোহলিরা দ্বিতীয় টি ২০ ম্যাচ খেলতে নেমেছেন, সেদিনই এই প্রস্তুতি ম্যাচ খেলতে নামল ভারতের এই দলটি।
অস্ট্রেলিয়ার পেস বিভাগ অত্যন্ত শক্তিশালী। সেটাই আবারও বোঝা গেল ম্যাচটিতে। ভারত এ দলের দুই ওপেনার শুভমান গিল ও পৃথ্বী শ ব্যর্থ হয়েছেন। গিল এবারের আইপিএলে ভাল খেলেছিলেন। তিনি টেস্ট ঘরানার ব্যাটসম্যান, কিন্তু তিনি সফল হতে পারেননি।
নিসারের প্রথম বলে তিনি হ্যারিসের হাতে ক্যাচ দিয়ে আউট হন। ভারতও তখন রানের মুখ দেখতে পায়নি। খেলার তৃতীয় ওভারে প্যাটিনসনের বোলিংয়ে টেস্ট অধিনায়ক পেনের হাতে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফেরেন পৃথ্বী। মুম্বইয়ের ব্যাটসম্যানও কোনও রান করার আগেই প্যাভিলিয়নে ফিরে যান।
তিন ওভারের মধ্যে দলের দুই ওপেনারের বিদায়, তাও আবার মাত্র ছয় রানের মধ্যে। তৃতীয় উইকেটে চেতেশ্বর পূজারার সঙ্গে জুটি বাঁধেন হনুমা বিহারী। তিনি শুরুটা ভাল করলেও বেশি এগোতে পারলেন না। ব্যক্তিগত ১৮ রানের মাথায় তিনি আউট হন। ভারত তখন তিন উইকেটে ৪০।
প্রাথমিক পতন রোধ করে আজাঙ্ক রাহানেকে নিয়ে পূজারা নিজস্ব স্টাইলে ব্যাটিং শুরু করেন। পূজারা অস্ট্রেলিয়ার বিপক্ষে বরাবরই সফল, এবারও যে তিনি টেস্ট সিরিজে দাগ কাটবেন, তার আভাস দিয়ে রাখলেন এই সৌরাষ্ট্র ব্যাটসম্যান।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দু’বছর আগে পাঁচশোর উপর রান করে পূজারা সিরিজের সেরা হয়েছিলেন। কিন্তু ব্যক্তিগত ৫৪ রানে তিনি প্যাটিনসনের বোলিংয়ে হ্যারিসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। ১৪০ বলের ইনিংসে পুজারা মেরেছেন পাঁচটি বাউন্ডারি। রাহানের সঙ্গে জুটিতে ৭৬ রান। এরপর ঋদ্ধিমান সাহা এসেও রান পেলেন না। পার্টটাইম বোলার হেডের বোলিংয়ে ঋদ্ধি আউট হন কোনও রান করার আগেই। রাহানের বুক চিতিয়ে লড়াই কিছুটা হলেও ভারতকে আশায় রেখেছে।
রাহানের সেঞ্চুরি সবদিক থেকেই দুর্দান্ত। তিনি অজি বোলারদের মাথায় উঠতে দেননি। বরং সোজা ব্যাটে খেলে রান করে গিয়েছেন। দিনের শেষে ২২৮ বলে ১০৮ রান করে রাহানে অপরাজিত রয়েছেন। দিনের শেষে ভারতের স্কোর ৮ উইকেটে ২৩৭ রান।
অনুশীলনী ম্যাচে ভারতীয় দলের তিন পেসার হলেন উমেশ যাদব, মহম্মদ সিরাজ, যিনি বাবার মৃত্যু সংবাদ পাওয়ার পরেও দেশে ফিরে না গিয়ে দলের সঙ্গেই রয়েছেন, এবং অন্য পেসার হলেন কার্তিক ত্যাগী। স্পিনে রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে রয়েছেন কুলদীপ যাদব। টেস্টের আগে দলের রিজার্ভ বেঞ্চকে দেখে নিতে চাইছে টিম ম্যানেজমেন্ট।