দ্য ওয়াল ব্যুরো: এমন এক সন্ধিক্ষণে এশীয় ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট হলেন বোর্ড সচিব জয় শাহ, যখন সৌরভ গঙ্গোপাধ্যায় হাসপাতালে। যদিও নতুন পদে অমিত শাহ পুত্র আসিন হওয়ার পরে খোদ সৌরভই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।
সৌরভ লিখেছেন, ‘‘জয়কে আমার অভিনন্দন, কত অল্প বয়সে ও এত বড় একটা দায়িত্ব পেল। ওঁর সঙ্গে আমি অনেক কাজ করেছি, দেখেছি ওঁর ভাবনা বেশ উন্নত। এবং বোর্ডের পরিকাঠামো তৈরিতে জয় কতটা বেশি আগ্রহী ও সদর্থক মনোভাব নিয়ে কাজ করেন। ওঁকে এই দায়িত্বও আরও ভালভাবে পালন করতে হবে।’’
শনিবার অবশ্য এই খবর টুইট করে জানিয়েছেন বিসিসিআই-র কোষাধ্যক্ষ অরুণ সিং ধুমল। নতুন পদের জন্য জয় শাহকে অভিনন্দন জানিয়ে অরুণ লিখেছেন, ‘‘এশীয় ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার জন্য আপনাকে শুভেচ্ছা। আমি নিশ্চিত, আপনার নেতৃত্বে এসিসি সাফল্যের শিখরে পৌঁছে যাবে। উপকৃত হবেন ক্রিকেটাররা।’’
https://twitter.com/BCCI/status/1355528382646083584
এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হোসেন এই পদে আসিন ছিলেন। এবার সেই দায়িত্বই পেলেন অমিত শাহপুত্র। মোট ২৪টি সদস্য সংস্থার কর্মভার সামলাবেন তিনি। সব থেকে বড় বিষয়, এশীয় ক্রিকেট কাউন্সিলের প্রধান যিনিই হয়েছেন, তিনি একটি দেশের ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট ছিলেন। এবারই একমাত্র ব্যতিক্রম ঘটল। ৩২ বছরের জয় শাহ নয়া নজিরও গড়লেন।
এবারেও হয়তো তাই হতো। কিন্তু সৌরভ যেহেতু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁকে যে আর বেশি দায়িত্ব পালনের জন্য জোর দেওয়া হবে না, সেটিও বেশ বোঝা যাচ্ছে। কারণ এশীয় ক্রিকেট কাউন্সিলের বৈঠক বছরে বেশ কয়েকবার হবে।
সৌরভ এমনিতেই বিসিসিআই-র হেভিওয়েট পদে রয়েছেন, সেই কারণে তাঁর সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাও বলছেন বোর্ডের একাংশ কর্তারা। শুধু তাই নয়, সৌরভের বদলে এবার আইসিসি-তে ভারতীয় বোর্ডের প্রতিনিধিত্বও করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পুত্রই।
এদিকে, এই খবর জানানোর পাশাপাশি এদিন বোর্ডের কোষাধ্যক্ষ এও নিশ্চিত করেন যে চলতি বছর দেশের মাটিতেই আয়োজিত হবে আইপিএলের আসর। যদিও তার আগে ক্রিকেটারদের ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়াও সম্পূর্ণ করতে হবে বলে জানানো হয়েছে। ভরা গ্যালারিতেই আইপিএল করতে চায়, সেটিও জানিয়ে দিয়েছেন বোর্ডের এই নামী কর্তা।