
শেষ আপডেট: 21 November 2020 16:27
খেলার ফলের সঙ্গে কিন্তু মোটেও মিল নেই মাঠের খেলার। বল পজিশন মুম্বইয়ের কাছে ৬৬ শতাংশ। নর্থইস্টের দ্বিগুণ পাস খেলেছে তারা। পাস অ্যাকুরেসিও অনেক বেশি। কিন্তু তাতে লাভের লাভ কিছু হল না। তার কারণ প্রথমার্ধে মুম্বই সিটির অন্যতম সেরা ফুটবলার আহমেদ জহু লাল কার্ড দেখে বেরিয়ে যাওয়া। নইলে তার আগে ম্যাচে দাপট দেখাচ্ছিল মুম্বই দলই।
ট্যাকটিকাল ফুটবল খেলে ৩ পয়েন্ট ছিনিয়ে নিলেন নর্থইস্টের কোচ নুজ। প্রথমার্ধে অনেক সতর্ক হয়ে দল নামিয়েছিলেন তিনি। ফলে প্রথমার্ধে অনেক রক্ষণাত্মক ফুটবল খেলছিলেন পাহাড়ের দলের ফুটবলাররা। কারণ বিপক্ষে ছিলেন ওগবেচের মতো স্ট্রাইকার। তাঁকে বোতলবন্দি করে রাখল নর্থইস্টের ডিফেন্স। বিশেষ করে প্রথম ম্যাচেই নজর কাড়লেন ফক্স। প্রথমার্ধের শেষদিকে দ্বিতীয় হলুদ কার্ড খেয়ে মাঠ ছাড়েন জহু।
তারপরেই দ্বিতীয়ার্ধে নিজেদের খেলার ধরন পালটে ফেললেন নুজ। দলের অন্যতম সেরা ফুটবলার গায়েগোকে নামিয়ে দিলেন তিনি। অন্যদিকে খেলা খুলল না ওগবেচের। ফলে তাঁকে তুলে নিতে বাধ্য হলেন কোচ লোবেরা। ৪৯ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে নর্থইস্টকে এগিয়ে দেন কোয়েসি আপিয়া। তারপরেই ঝাঁপ বন্ধ করে দেন নর্থইস্ট কোচ।
গোল খাওয়ার পরে অনেক চেষ্টা করেন মুম্বই সিটি এফসির ফুটবলাররা। কিন্তু গোলের মুখ খোলেনি। তেকাঠির নীচে খুব বেশি খাটতে হয়নি সুভাশিস রায় চৌধুরীকে। শেষ পর্যন্ত ১-০ গোলেই শেষ হল খেলা। ফলে প্রথম ম্যাচে জয় দিয়েই শুরু হল নর্থইস্ট ইউনাইটেডের সফর।