দ্য ওয়াল ব্যুরো: সদ্য প্রকাশিত ফিফা যে বর্ষসেরার তালিকা তৈরি করেছে, সেই তালিকায় লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নাম রয়েছে। এমনকি রয়েছে লেভানদস্কির নামও। স্থান পেয়েছেন মহম্মদ সালাহ ও সাদিও মানেরাও। কিন্তু নেই ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের নাম। আর এতেই হয়েছে বিপত্তি।
ফিফার তালিকায় তাঁর নাম নেই দেখে বেজায় চটেছেন নেইমার। তিনি উপহাস ও বিদ্রুপ করে ইনস্টাগ্রামে নিজের কথা পোস্ট করেছেন। প্রথম টুইটে নেইমার লিখেছেন, ‘‘টেনিসে কিছু করতে পারলাম না, তাই বাস্কেটবল খেলতে চলে যাচ্ছি।’’ ছয় মিনিট পর আরেকটা পোস্ট দেন নেইমার। সেখানে লেখেন, ‘‘আমি এর মধ্যেই বাস্কেটবল খেলা ছেড়ে দিয়েছি, আমি এখন গেমার।’’
অনেকেই মনে করছেন, এই পোস্ট করে ফিফাকে তিনি বিদ্রুপ করেছেন, কারণ ফুটবলের সেরার তালিকা হবে অথচ তাঁর নাম সেখানে থাকবে না, তা হতে পারে না। তাই তিনি বোঝাতে চেয়েছেন, তিনি বাস্কেটবল কিংবা টেনিস খেলেন বলেই হয়তো ফিফা তাঁকে সেরা তিনজনের তালিকার বাইরে রেখেছে।
কয়েক ঘন্টা আগে নেইমার আবার টুইট করেছিলেন। সেটিতে লেখা, ‘‘সত্যিই এমনটা হয়েছে?’’ তার মানে তিনি নিজের অবাক হয়েছেন তালিকায় তাঁর নাম না দেখে।
নেইমারের বাবা আবার আরও আক্রমণাত্মক ঢঙে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ‘‘আমাদের কাছে তুমি দেশের সেরা, ক্লাবের সেরা, সবসময় সেরা হয়েই থাকবে। কারা তোমায় স্বীকৃতি দিল না, সেটি বিচার্য নয়।’’
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তো উঠেছেই, পাশাপাশি ফরাসি লিগসহ গত মরসুমে ঘরোয়া দুটি কাপই জিতেছে নেইমারের পিএসজি। যদিও বায়ার্নের কাছে হেরে প্রথম চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্ন পূরণ হয়নি নেইমারদের।
লিগে গত মরসুমে ১৫ ম্যাচে ১৩ গোল করেছেন নেইমার, এবার ৬ ম্যাচে ৩ গোল। চ্যাম্পিয়ন্স লিগে গত মরসুমে নেইমারের গোল ছিল ৭ ম্যাচে ৩টি, এবার ৫ ম্যাচে ৬টি গোল করেছেন।
ফিফার বর্ষসেরার পুরস্কার দেওয়া হবে ১৭ ডিসেম্বর। সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তর থেকে অনলাইনে সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেওয়া হবে পুরস্কার। ওই অনুষ্ঠানে পাশাপাশি থাকার কথা মেসি, রোনাল্ডো, লেভানদস্কিদের।