দ্য ওয়াল ব্যুরো: নতুন বছরেও শুক্রবার ছুটি পায়নি এটিকে-মোহনবাগান শিবির। পয়েন্ট তালিকায় তারা শীর্ষে অবস্থান করছে, কিন্তু আত্মতুষ্টিতে ভুগতে তারা নারাজ। বরং রবিবার নর্থ ইস্ট ইউনাইটেডের বিপক্ষে জিতে আরও এগিয়ে যেতে চাইছে আন্তোনিও লোপেজ হাবাসের দল।
গত ম্যাচে চেন্নাইয়ান এফসি-র বিপক্ষে দল ড্র করেছে। দলের খেলায় খুশি হতে পারেননি কোচ। তিনি দলের ফুটবলারদের বলেছেন, খেলার কৌশলে নতুন ভাবনা আনতে হবে। সেক্ষেত্রে মাঠের মধ্যেই প্ল্যান ‘এ’ না খাটলে পরক্ষণেই ‘বি’ প্ল্যানে চলে যেতে হবে।
নর্থ ইস্টের বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া তিরি, প্রণয় হালদার, প্রীতম কোটালরা। ৮ ম্যাচ থেকে এটিকে মোহনবাগানের সংগ্রহ ১৭ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচ থেকে নর্থ ইস্টের পয়েন্ট ১১।
নতুন বছরে লক্ষ্যও স্থির করে ফেলেছেন স্প্যানিশ কোচ। তিনি কী চাইছেন, তা পরিষ্কার করে দিয়েছেন ফুটবলারদের। কোচ জানিয়েছেন, “লিগ শীর্ষে থেকে বছরের প্রথম ম্যাচ খেলতে নামছি বলে নর্থ ইস্টের বিরুদ্ধে আমরা বাড়তি সুবিধা পাব বলে মনে করি না। আবার চাপেও থাকব না। এটা একটা নতুন ম্যাচ। নতুনভাবে শুরু করতে হবে। চেষ্টা করতে হবে আগের ম্যাচে যে ভুলগুলো করেছি সেগুলো যেন আর না হয়। আমাদের আরও তৈরি থাকতে হবে ম্যাচে।’’
এ বারের টুর্নামেন্টে নর্থ ইস্ট বেশিরভাগ ম্যাচ ড্র করছে। রক্ষণ জমাট করে তারা খেলে। ফলে সেট পিস থেকে গোল করার চেষ্টা করবে এটিকে -মোহনবাগান। দলের অন্যতম ভরসা প্রণয় হালদারের প্রত্যাশা, এবার তিনি জাতীয় দলে ডাক পাবেন। রবিবারের প্রতিপক্ষ সম্পর্কে প্রণয় বলছেন, “আইএসএলে প্রতিটি দলই শক্তিশালী। নর্থ ইস্টও তাই। ওরা উইং দিয়ে আক্রমণ তুলে আনে। আমাদের সতর্ক থাকতে হবে।”
নর্থ ইস্ট ম্যাচের পরেই এটিকে মোহনবাগানের সামনে মুম্বই সিটি এফসি। লিগ টেবিলে মুম্বই দ্বিতীয় স্থানে রয়েছে। রয় কৃষ্ণদের থেকে এক ম্যাচ কম খেলে ১৬ পয়েন্ট মুম্বইয়ের ঝুলিতে। নর্থ ইস্ট ম্যাচে বল গড়ানোর আগে মুম্বই নিয়ে চিন্তাভাবনা করছেন না হাবাস এবং তাঁর ছেলেরা। বরং নর্থ ইস্টকে হারিয়ে লিগ টেবিলে ভাল জায়গায় পৌঁছনোই লক্ষ্য হাবাসের দলের।
দলের রক্ষণের অন্যতম ভরসা প্রীতম কোটাল বলেন, “মুম্বই রয়েছে দ্বিতীয় স্থানে। ওই ম্যাচের আগে আমাদের নর্থ ইস্ট ম্যাচ জিততেই হবে। এই ম্যাচটা জিতে থাকলে লিগ টেবিলে ভাল জায়গায় পৌঁছনো যাবে। সেই সঙ্গে আত্মবিশ্বাসও বাড়বে। নতুন বছর জয় দিয়ে শুরু করতে চাই।”