দ্য ওয়াল ব্যুরো : মহামেডান স্পোর্টিংয়ে আই লিগের মূলপর্বের কথা ভেবে নিয়ে আসা হচ্ছে স্প্যানিশ কোচ জোসে হেভিয়ারকে। নভেম্বরের শেষদিকেই আই লিগের মূলপর্ব শুরু হবে। তার আগে কলকাতার এই নামী দলটি আরও শক্তিশালী দলগঠনের দিকে ঝুঁকছে।
সেই হিসেবেই তারা হাত বাড়াল ওপার বাংলার দিকে। বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক তথা সঈফ স্পোর্টিং ক্লাবের তারকা জামাল ভুঁইয়াকে দলে নিল মহামেডান। জামাল নামী তারকা, তাঁকে দলে নেওয়া বড় চমকই। ড্যানিশ জাত এই তারকা ফুটবলার খেলেন মিডফিল্ড পজিশনে। এমনকি ডিফেন্সেও খেলতে পারেন জামাল।
জামাল জন্মগ্রহণ করেছেন অবশ্য ডেনমার্কে, তাঁর মা ড্যানিশ। ভারত ও বাংলাদেশ প্রি-ওয়ার্ল্ড কাপের ম্যাচের সময় যুবভারতীতে হাজির ছিলেন তিনি। মহামেডান কর্তাদের সঙ্গে তাঁর দারুণ সম্পর্ক। বহুদিন ধরেই তাঁকে দলে চাইছিলেন তাঁরা। বিদেশী ইনভেস্টর আসার পরেই মহামেডান সচিব ওয়াসিম আক্রাম যোগাযোগ করেন জামালের সঙ্গে। তিনি ‘হ্যাঁ’ বলতেই অনেকটাই আশ্বস্ত হয়েছেন শীর্ষ কর্তা।
বাংলাদেশের ক্লাব সঈফ স্পোর্টিংয়ের কর্তারা অবশ্য গোপনীয়তা অবলম্বণ করেছেন এই বিষয়ে। তাঁরা জামালের গতিবিধি নিয়ে কিছু বলতে নারাজ। শুধু জানিয়েছেন, জামালের যদি ইচ্ছে হয় কলকাতায় খেলার, তা হলে খেলতেই পারে! বাংলাদেশ জাতীয় দলের ইংরেজ কোচ জেমি ডে অবশ্য জামালের খবরে খুশিই হয়েছেন। তিনি দেশের এক নামী ওয়েবসাইটকে সাক্ষাৎকারে বলেছেন, ‘‘জামাল যদি কলকাতায় খেলতে যায়, তা হলে সেটি ওর পক্ষে ভাল। কারণ ওর ভাল লিগে খেলার যোগ্যতা রয়েছে। আমি অন্তত খুশি।’’
মহামেডান স্পোর্টিং সম্প্রতি আই লিগের দ্বিতীয় ডিভিশন গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে খেলার যোগ্যতা পেয়েছে। দলের কোচ ইয়াল ল বরখাস্ত হয়েছিলেন দুটি ম্যাচ খেলার পরেই। তাঁর নামে অভিযোগ ছিল, তিনি অন্য দলকে খবর প্রেরণ করছেন। তারপরই ইনভেস্টরদের দাবি ছিল, দলের পক্ষে এক বিদেশী কোচ আনতে হবে। সেই মতোই যোগাযোগ করা হয় জোসে হেভিয়ারের সঙ্গে। তিনি আইএসএলে কোচ ছিলেন। তাঁর সঙ্গে ফাইনাল কথা বলে নেওয়া হয়।
মহামেডান ক্লাবের পক্ষ থেকেও বিদেশী কোচ ও বাংলাদেশ অধিনায়ককে নেওয়ার খবরটি ঘোষণা করা হয়নি। তারা সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করতে চায়। যদিও সবকিছুই চূড়ান্ত হয়ে গিয়েছে। স্প্যানিশ কোচ জানিয়েছেন, তিনি নভেম্বরের শুরুতে কলকাতায় পৌঁছে যেতে চান।