দ্য ওয়াল ব্যুরো: ছেলে ভারতীয় দলে খেলুক, এটাই ছিল বাবার একমাত্র স্বপ্ন। আর সেই স্বপ্ন পূরণ করার জন্য ছেলে যখন অস্ট্রেলিয়াতে সেই সময় মারা যান বাবা। তারপরেও নিজের কর্তব্য থেকে সরেননি মহম্মদ সিরাজ। দেশের হয়ে খেলাকেই তিনি সবার আগে রেখেছিলেন। সিরাজের সেই দেশপ্রেম আরও একবার দেখা গেল সিডনিতে। ম্যাচ শুরু হওয়ার আগে যখন জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে তখন গাল বেয়ে চোখের জল গড়িয়ে পড়ছে সিরাজের। আর এই দৃশ্য প্রথম দিনের ম্যাচের থেকেও অনেক বেশি আলোচনার কেন্দ্রে।
সিরাজের এই কান্নার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে জাতীয় সঙ্গীত শেষ হওয়ার পরে হাত দিয়ে চোখ মুছছেন তিনি। সিরাজের এই দেশপ্রেমের প্রশংসা নেটিজেনদের মুখে। ভারতের প্রাক্তন ওপেনার ওয়াসিম জাফরও টুইট করে লিখেছেন, ‘যদি আপনাকে উৎসাহিত করার জন্য একজন দর্শকও না থাকে তাও ভারতের হয়ে খেলার থেকে বড় উৎসাহ কিছু হতে পারে না। একজন কিংবদন্তি একবার বলেছিলেন, আপনি দর্শকদের জন্য খেলেন না, আপনি দেশের জন্য খেলেন।”
https://twitter.com/WasimJaffer14/status/1346980790974877696?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1346980790974877696%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fsports.ndtv.com%2Faustralia-vs-india-2020-21%2Fwasim-jaffer-quotes-legend-ms-dhoni-to-hail-tearful-mohammed-siraj-2348831
জাফরের টুইটে উল্লেখ করা কিংবদন্তি আর কেউ নন, ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ২০১১ সালের বিশ্বকাপে গ্রুপ পর্যায়ে দক্ষিণ আফ্রিকার কাছে ভারতের হেরে যাওয়ার পরে সাক্ষাৎকারে এই কথা বলেছিলেন মাহি। সেই কথা টেনে এনে এখানে সিরাজের দেশপ্রেমের প্রশংসা করলেন ওয়াসিম জাফর।
নভেম্বর মাসে সিরাজের বাবা যখন মারা যান, সিরাজ তখন অস্ট্রেলিয়ায়। সেই সময় সংবাদমাধ্যমকে তিনি বলেছিলেন, “উনি চাইতেন আমি ভারতের হয়ে খেলে আমার দেশকে গর্বিত করতে পারি। আমি শুধু আমার বাবার স্বপ্ন পূরণ করতে চাই।”
এদিন দিনের শুরুটাও ভাল করেছিলেন সিরাজ। অজি ওপেনার ডেভিড ওয়ার্নারকে কম রানে আউট করেন তিনি। যদিও তারপরেও ম্যাচের রাশ নিজেদের হাতে নিতে ব্যর্থ হন রাহানেরা। কারণ বেশ কিছু সুযোগ ফসকান তাঁরা। কিন্তু সেসব ছাপিয়ে দিনের সেরা ছবি হয়ে উঠেছে জাতীয় সঙ্গীত গাইতে গিয়ে সিরাজের কেঁদে ফেলার ছবি।