
শেষ আপডেট: 24 December 2023 11:59
দ্য ওয়াল ব্যুরো: দিন তিনেক আগেই ভারতীয় কুস্তি ফেডারেশনে নির্বাচন হয়। বিভিন্ন পদে বহাল হয় নতুন সদস্য। ফেডারেশনের নতুন সভাপতি হন সঞ্জয় সিং। তবে রবিবার সেই গোটা ফেডারেশনকেই সাসপেন্ড করল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। জানানো হয়েছে, ভারতীয় কুস্তি ফেডারেশন নিয়ম মানেনি। তাই সাসপেন্ড করা হচ্ছে।
কুস্তি ফেডারেশনের সভাপতির এই 'তড়িঘড়ি' প্রতিযোগিতা ঘোষণা ভালভাবে নেয়নি ক্রীড়া মন্ত্রক। নিয়ম অনুযায়ী, জাতীয় স্তরের কোনও প্রতিযোগিতা আয়োজন করার আগে এক্সিকিউটিভ কমিটির বৈঠক করতে হয়। সেখানেই প্রতিযোগিতা নিয়ে যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হয়। তারপরই সূচি ঘোষণা করা হয়ে থাকে। যে কোনও প্রতিযোগিতার আগে প্রতিযোগীদের প্রস্তুতির জন্য সময় দিতে হয়।
ক্রীড়া মন্ত্রক মনে করে, কুস্তি ফেডারেশন নিয়মের তোয়াক্কা না করেই প্রতিযোগিতা ঘোষণা করে দিয়েছে। ক্রীড়া মন্ত্রক মনে করে, কুস্তি ফেডারেশন নিয়মের তোয়াক্কা না করেই প্রতিযোগিতা ঘোষণা করে দিয়েছে। যা মেনে নেওয়া যায় না। তাই পুরো ফেডারেশন বডিকেই সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দীর্ঘ টালবাহানার পর সুপ্রিম কোর্টের নির্দেশের পরই আয়োজন করা হয়েছিল কুস্তি ফেডারেশনে নির্বাচন। গত বৃহস্পতিবার সেই নির্বাচন গ্রহণ হয় এবং ফলপ্রকাশও হয়। সভাপতি পদে নির্বাচিত হন সঞ্জয় সিং। ফেডারেশনের বিদায়ী সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত তিনি। যা নিয়ে বৃহস্পতিবার থেকেই ভারতীয় কুস্তিগিরদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে।
সঞ্জয় নতুন সভাপতি হওয়ায় ক্ষুব্ধ বজরং পুনিয়ার মতো ক্রীড়াবিদরা। সঞ্জয় দায়িত্ব পাওয়ায় বিজেপি সাংসদ ব্রিজভূষণের ক্ষমতাই রয়ে গিয়েছে ফেডারেশনে। সেক্ষেত্রে মহিলা কুস্তিগিররা সুরক্ষিত নন। সেই দাবি তুলে সাক্ষী মালিকের মতো অলিম্পিক্স পদকজয়ী তারকাও খেলা থেকে অবসর ঘোষণা করেছেন।
অন্যদিকে, অলিম্পিক্সে পদকজয়ী কুস্তিগির বজরং পুনিয়াও প্রতিবাদ জানিয়েছেন। তিনি নিজের পদ্মশ্রী ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে সংসদে যান তিনি। কিন্তু সেখানে যাওয়ার আগেই তাঁকে পুলিশ আটকায়। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা না হওয়ায়, সংসদের সামনের রাস্তাতেই পদ্মশ্রী রেখে দিয়ে আসেন বজরং পুনিয়া।