দ্য ওয়াল ব্যুরো: ফুটবল বিশেষজ্ঞদের প্রশংসা আদায় করেছিলেন লিওলেন মেসি। তিনি গত সপ্তাহেই পেলের গোলের রেকর্ড ভেঙে দিয়েছিলেন। একটা ক্লাবের হয়ে গোল করার দিক থেকে পেলে এগিয়ে ছিলেন। সেই নজির ভাঙার পরে পেলে স্বয়ং মেসিকে বার্তা পাঠান।
এতকিছু হয়ে যাওয়ার পরে এবার বিতর্কের পালা। ব্রাজিলের যে ক্লাবের হয়ে পেলে গোলের রেকর্ড করেছিলেন। সেই ব্রাজিলীয় ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, পেলের রেকর্ড ভাঙতে এখনও মেসিকে ৪৪৭টি গোল করতে হবে। সেই নিয়েই শুরু হয়েছে নয়া নাটক।
গত মঙ্গলবার রিয়াল ভায়োদলিদের বিপক্ষে স্প্যানিশ লা লিগার ম্যাচে দুর্দান্ত খেলেছেন মেসি। দলের ৩-০ গোলের জয়ে তাঁর অবদান ছিল এক গোল। ভায়োদলিদের বিপক্ষে এ গোলটি ছিল বার্সেলোনার হয়ে মেসির করা ৬৪৪তম গোল। যা কি না কোনও এক নির্দিষ্ট ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড। এ রেকর্ডে নাম লেখানোর পথে তিনি ভেঙে দেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের প্রায় পাঁচ দশক আগের রেকর্ড। ব্রাজিলের ক্লাব সান্তোসের হয়ে ৬৪৩টি গোল করেছিলেন পেলে।
মেসি নিজেও বলেছিলেন, ‘‘পেলের রেকর্ড ভাঙব, এটা আমি স্বপ্নেও ভাবিনি’’। তবে সেই কাজ ঠিকই বাস্তবে করে দেখিয়েছেন মেসি, ভেঙেছেন পেলের রেকর্ড। কিন্তু সেই ম্যাচের পাঁচদিন পর এখন ভিন্ন দাবি তুলেছে পেলের ক্লাব। তাদের মতে, পেলের রেকর্ড ভাঙতে পারেননি মেসি। কেননা তাদের ক্লাবের হয়ে পেলের গোলসংখ্যা ৬৪৩ নয়, বরং ১০৯১টি। যে কারণে পেলের চেয়ে এখনও ৪৪৭ গোল পিছিয়ে রয়েছেন ৬৪৪ গোল করা মেসি। এ বিষয়ে বিস্তারিত এক বিবৃতিও দিয়েছে স্যান্টোস।
তারা লিখেছে, পেলের করা গোল থেকে ৪৪৮ গোল এখন মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে, এটি ঠিক নয়। সেই গোলগুলো তখনকার সময়ের শীর্ষ ক্লাবের বিপক্ষেই করা হয়েছিল। মেক্সিকোর ক্লাব আমেরিকা এবং চিলির ক্লাবের বিপক্ষে ৯টি করে গোল আছে পেলের, ইন্টার মিলানের বিপক্ষে আছে ৮টি। যারা ষাটের দশকে অন্যতম সেরা ক্লাব ছিল। এই বাদ দেওয়ার তালিকায় আরও বড় বড় নাম যেমন রিভার প্লেট, বোকা জুনিয়র্স, রেসিং, ইউনিভার্সিদাদ ডি চিলি, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, লাজিও, নাপোলি, বেনফিকা এবং আন্ডারলেখটের মতো ক্লাব রয়েছে।
স্যান্টোসের দাবি, যত কিছুই বিবেচনায় আনা হোক না কেন, প্রতিপক্ষ যত দুর্বলই হোক না কেন, পরিসংখ্যান তো ফেলে দেওয়া যাবে না। সংখ্যা সবসময় স্থির থাকে।