দ্য ওয়াল ব্যুরো: অবাক করা কান্ড, এমনও তা হলে ঘটে!
এতদিন শোনা গিয়েছিল বর্ষণের কারণে ক্রিকেট ম্যাচ বাতিল হতে পারে। কিন্তু এবার অন্যথা ঘটল। এমনকি মন্দ আলোর কারণেও খেলা বাতিল হতে দেখা যায়।
মঙ্গলবার নিউজিল্যান্ডের নেপিয়ারের ম্যাকলিন পার্কে সূর্যের আলোর কারণে বন্ধ করে দেওয়া হয় নিউজিল্যান্ড ও পাকিস্তানের মধ্যে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচ। তবে এই মাঠে এই ঘটনা প্রথম নয়৷ এর আগে গত বছর জানুয়ারি মাসেও ভারত-নিউজিল্যান্ডের প্রথম ওয়ান ডে ম্যাচও একই ঘটনার সাক্ষী ছিল৷ সেবারও সাময়িকভাবে খেলা বন্ধ করে দিতে হয়েছিল।
এই ঘটনা ঘটে গত বছর অর্থাৎ ২০১৯-এর জানুয়ারি৷ ভারত-নিউজিল্যান্ডের প্রথম ওয়ান ডে ম্যাচ তীক্ষ্ণ সূর্যের আলোর কারণে প্রায় ৩০ মিনিট ম্যাচ বন্ধ রাখা হয়েছিল৷ এর ফলে ভারতীয় ইনিংস কমিয়ে ৪৯ ওভার করা হয়৷
এবার ঘটনাটি ঘটেছে নিউজিল্যান্ড ইনিংসের ১২তম ওভারে৷ ১১.৪ ওভারে নিউজিল্যান্ডের স্কোর যখন ৩ উইকেটে ৮৫ তখন ম্যাচ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন আম্পায়ররা৷ সূর্যাস্তের সময় সরাসরি পিচে আলো পড়ায় ব্যাটসম্যানদের বল দেখতে অসুবিধা হচ্ছিল৷ বিষয়টি আম্পায়ারদের জানানোর পরে খেলা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
খেলা যদিও পরে শুরুও হয়েছে। যখন মাঠের চারিদিকে সমানভাবে সূর্যের আলো ছড়িয়ে পড়ে, সেইসময় আবারও দুটি দল মাঠে ফেরে, এবং খেলাও শুরু হয়। কিউয়ি ব্যাটসম্যান গ্রিন ফিলিফস এই প্রসঙ্গে এদিন ম্যাচ শেষে বলেন, ‘‘ব্যক্তিগতভাবে আমি বলতে পারি, হ্যারিস রউফের স্লোয়ার ডেলিভারি আমি দেখতে পাইনি৷ কারণ সেইসময় সূর্যের আলো পিচে পড়ে চকচক করছিল। আমি সেটি আম্পায়ারদের জানাতে তারা ম্যাচ রেফারির সঙ্গে আলোচনার পরে খেলা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।’’
শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৭৩ রান তোলে নিউজিল্যান্ড৷ কিউয়ি ইনিংসে সর্বাধিক ৬৩ রান করেন ডেভন কনওয়ে৷ তিন ম্যাচের সিরিজে ইতিমধ্যে প্রথম দু’টি ম্যাচ জিতে সিরিজ জিতে নিয়েছে ঘরের দল নিউজিল্যান্ড।