দ্য ওয়াল ব্যুরো: টোকিও অলিম্পিক আর বেশিদিন দেরি নেই, বলা যায় শিয়রেই রয়েছে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’। এখনও সব ইভেন্টের বাছাই হয়নি, কিছু হয়েছে, অনেকেই আবার বাকি। চলতি মাসের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে দেশ থেকে কোন ক্রীড়াবিদরা অলিম্পিকে যাওয়ার সুযোগ পাবেন।
তার আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানে এসেছে পিছিয়ে পড়া অঞ্চল থেকে উঠে আসা তারকাদের কথা। কিভাবে সব বাধা দূর করে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন, মোদীর বক্তব্যে সবটাই উঠে এসেছে।
অলিম্পিকে ভারতীয় অ্যাথলিটদের শুভকামনা ও তাঁদের লড়াইয়ের কাহিনী শোনাতে এই রেডিও মাধ্যমকে বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন, “টোকিও অলিম্পিকে যে অ্যাথলিটরা যাচ্ছেন, তাঁদের প্রত্যেককে বহু লড়াই করতে হয়েছে। অ্যাথলিটদের দীর্ঘ দিনের কঠোর পরিশ্রম স্বার্থক হওয়ার সময় এসেছে। ভারতীয় অ্যাথলিটরা কেবলমাত্র নিজেদের জন্য অলিম্পিকে অংশ নিতে যাচ্ছেন না, তাঁদের সঙ্গে দেশের গর্ব এবং আবেগ জড়িয়ে রয়েছে। আমার দেশবাসীর কাছে একটাই অনুরোধ, আপনার ওঁদের ওপর চাপ সৃষ্টি করবেন না, ওঁরা গর্বিত করতেই প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন, ওঁদের পাশে থাকুন।’’
মোদী বলেছেন, “আপনারা টুইটারে Cheer4India হ্যাশট্যাগ ব্যবহার করে অ্যাথলিটদের শুভেচ্ছাবার্তা জানিয়ে টুইট করতে পারেন। যদি আরও অন্য কিছু ভাবতে পারেন, তাও করতে পারেন।’’
তিনি সারা দেশের নানা অঞ্চলের অ্যাথলিটদের কথা তুলে ধরে উদীপ্ত করেছেন। যেমন বলেছেন উত্তরপ্রদেশের মুজাফফর নগরের প্রিয়াঙ্কা গোস্বামীর কথা, প্রিয়াঙ্কা বাস চালকের মেয়ে, তাঁর ইভেন্ট হাঁটা রেস। ছোটবেলা থেকে তাঁর ইচ্ছে ছিল দেশের হয়ে পদক জিতবেন, একটি ব্যাগ পাবেন সুন্দর মতো। সেই স্বপ্ন নিয়ে হাঁটা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন।
প্রধানমন্ত্রী সেই কারণেই জানান, “আমাদের দেশের যে সকল অ্যাথলিটরা টোকিও অলিম্পিকে যাচ্ছেন তাঁদের মধ্যে অনেকেরই জীবনে এমন কাহিনী জড়িয়ে রয়েছে, যা অনেককে অনুপ্রাণিত করে।’’
https://twitter.com/Priyanka_Goswam/status/1409053543084879872?s=08
তিনি বলেছেন, তিরন্দাজিতে দক্ষ প্রবীন যাদবের উত্থানের কাহিনী। আবার তুলে ধরেছেন বক্সার মনীশ কৌশিকের উঠে আসার গল্প, একটি কৃষক পরিবার থেকে দেশের সেরা বক্সার হয়ে ওঠা।
ফেন্সার ভবানী সিংকে নিয়ে মোদী বলেন, “ওনার নাম ভবানী। উনি ফেন্সিংয়ে দক্ষ। অলিম্পিকে যোগ্যতা অর্জনকারী প্রথম ভারতীয় ফেন্সার ভবানী দেবী চেন্নাইয়ের বাসিন্দা। আমি এক জায়গায় পড়েছিলাম, ভবানী-জির ট্রেনিংয়ের জন্য ওনার মা নিজের গয়না বন্দক রেখেছিলেন।”
অলিম্পিকগামী ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার শিবপাল সিংয়ের ব্যাপারে মোদী বলেন, “টোকিও অলিম্পিকে জ্যাভলিন থ্রো-তে অংশগ্রহণ করেছেন বেনারসের শিবপাল সিং জি। ওঁর পুরো পরিবার এই খেলার সঙ্গে যুক্ত। ওনার বাবা, কাকা এবং ভাই সকলেই জ্যাভলিন থ্রো-তে দক্ষ। তাঁর পারিবারিক ঐতিহ্য টোকিও অলিম্পিকে তাঁকে সাহায্য করবে।”
https://twitter.com/iboxermanish/status/1409061683822166018?s=08
যাঁদের নাম মোদী নিয়েছেন, তাঁরা প্রত্যেকেই অভিনন্দন জানান প্রধানমন্ত্রীকে। তাঁরাও পালটা টুইট করে লিখেছেন তাঁদের অনুভূতির কথা। সে প্রিয়াঙ্কা হোন কিংবা বক্সার মনীশ, আবার ফেন্সিং চ্যাম্পিয়ন ভবানী দেবী লিখেছেন, “অলিম্পিকের জন্য আমার পরিশ্রম ও আমার মা সি এ রমানির ত্যাগের কথা উল্লেখ করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাই। আমি দেশকে গর্বিত করার জন্য কঠোর পরিশ্রম করে যাব, আমি সফল হবো।”
জ্যাভলিন থ্রোয়ার শিবপাল সিং লিখেছেন, ‘‘মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আমার কথা বলেছেন, ভাল লাগছে, আমি গর্বিত করার জন্য চেষ্টা করে যাব।’’
এদিন প্রয়াত কিংবদন্তি অ্যাথলিট মিলখা সিংয়ের প্রতিও শ্রদ্ধার্ঘ্য জানান মোদী। তিনি মিলখাকে দেশের কৃতি সন্তান বলে অভিহিত করেছেন।