দ্য ওয়াল ব্যুরো : আইপিএলে প্রতিটি দলে ভারতীয় ক্রিকেটার রাখতেই হবে, এমন কোটা থাকলেও কোচের ক্ষেত্রে কোনও নিয়ম নেই। যে কারণে কোটিপতি বিনোদনের ক্রিকেটে সব ফ্রাঞ্চাইজি দলই বিদেশী কোচদের নিয়ে এসে রেখেছে। কেউ বলতে পারবে না যাদের হেড কোচ একজন ভারতীয়।
সেদিক থেকে ব্যতিক্রম অনিল কুম্বলে, তিনি কিংস ইলেভেন পাঞ্জাব দলের কোচ। যাঁর ক্রিকেট মস্তিষ্ক নিয়ে কোনও কথা হবে না। তিনি একদা ভারতীয় দলের কোচ ছিলেন। তাঁর কোচিংয়ে বিরাট কোহলিরা রীতিমতো ভাল ফল করেছিলেন। কিন্তু নানা বিতর্কের ঘনঘটায় জেন্টলম্যান কুম্বলে স্বেচ্ছায় সরে গিয়েছেন সেই পদ থেকে।
সব থেকে বড় কথা, আইপিএলে কোচ হওয়া মানেই কোটি কোটি টাকার প্যাকেজ। সেই কারণেই অনেক জাতীয় দলে সেই মানের ভাল বিদেশী কোচ মিলছে না। সকল ভাল কোচই কোনও না কোনও ফ্রাঞ্চাইজির সঙ্গে চুক্তি করে নিয়েছেন। বিদেশী দক্ষ কোচ বলতে অ্স্ট্রেলিয়া, নিউজিল্যান্ড কিংবা দক্ষিণ আফ্রিকার। তাঁরাই বেশিরভাগ দলে দায়িত্বে থেকে কাজ করছেন। এবারের আইপিএলে যেমন স্টিভেন ফ্লেমিং, রিকি পন্টিং, ব্রেন্ডন ম্যাককালাম, মাহেলা জয়বর্ধনে, ট্রেভর বেইলিসের মতো তারকা ক্রিকেটার ও হাইপ্রোফাইল কোচরা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে দায়িত্ব পালন করছেন।
জাতীয় দলের কোচ থাকাও অনেক সমস্যার। বোর্ড কর্তাদের খুশি করতে হয়, দলের ক্রিকেটারদের মন জুগিয়ে চলতে হয়। নির্বাচকদের খুশি রাখতে হয়, নানা বিষয়ে সজাগ থাকতে হয়। আইপিএলে এসবের কোনও বালাই নেই। এখানে শেষ কথা বলবে ফ্রাঞ্চাইজি কর্তাই, তিনি যদি কোচকে বলে দেন এই ক্রিকেটারকে খেলাতেই হবে, তা হলে খেলাতেই হবে। আর সবাই পেশাদার ক্রিকেটার বলে কেউই কোচের সঙ্গে তেমন বিতর্কে লাগতে চায় না।
রাহুল দ্রাবিড় বরাবর বলে এসেছেন আইপিএলে ভারতীয় কোচদের হাতে দায়িত্ব তুলে দেওয়া হোক, তাতে দেশের ক্রিকেটের প্রভূত উন্নতি হবে। ভারতীয়দের রাখা হয়েছে সাপোর্ট স্টাফ হিসেবে, কেউ বা আবার মেন্টর রয়েছেন। তাই সম্প্রতি অনিল কুম্বলে মজা করেই জানিয়েছেন, ‘‘আইপিএল ভারতীয় লিগ হলেও এখানে ভারতীয় কোচই নেই!’’ এবারের আইপিএলে আট ফ্র্যাঞ্চাইজির সাতটিতেই বিদেশি কোচ। একমাত্র কিংস ইলেভেন পাঞ্জাবের কোচ কুম্বলে। তাঁর কাছে বিষয়টা চ্যালেঞ্জের। আইপিএলে ভারতীয় কোচদের বিজ্ঞাপন বা মুখ যা-ই বলুন না কেন, তিনিই।
গতবছরই জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ডিরেক্টর রাহুল দ্রাবিড় বলেছিলেন, ‘‘ভারতে যেমন ক্রিকেট প্রতিভার অভাব নেই, ঠিক তেমনি ভালো কোচেরও অভাব নেই। ভারতীয় কোচদের অনেকেই আইপিএলে বিদেশি কোচদের মতোই প্রভাব রাখতে পারেন।’’ দ্রাবিড় নিজেও আইপিএলে কোচ হিসেবে কাজ করেছেন অতীতে। তবে হেড কোচের দায়িত্ব তিনি কখনোই পাননি। অথচ, ভারতীয় ‘এ’ দল আর অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে দ্রাবিড় দারুণ সফল।