দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণের জন্য খেলাধুলো বন্ধ হওয়ার পরে আইপিএল শুরু হলেও এখনও আন্তর্জাতিক খেলায় মাঠে নামেনি ভারত। আইপিএলের পরে অস্ট্রেলিয়া সফরের সূচি ঠিক হয়েছিল বিসিসিআই ও ক্রিকেট অস্ট্রেলিয়ার মধ্যে। সেই সূচিতে এবার সবুজ সঙ্কেত দিল অস্ট্রেলিয়া সরকার। অর্থাৎ আইপিএলের পরেই অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবে দল।
বৃহস্পতিবার অস্ট্রেলিয়া সরকারের তরফে এই সফর নিয়ে সম্মতি দেওয়া হয়েছে। অর্থাৎ আইপিএলের শেষে সংযুক্ত আরব আমিরশাহী থেকেই রওনা দেবেন বিরাটরা। সেখান থেকে সিডনি পৌঁছে কোয়ারেন্টাইন পিরিয়ড কাটাতে হবে তাঁদের। অস্ট্রেলিয়ায় গিয়ে চারটি টেস্ট, তিনটি একদিনের ম্যাচ ও তিনটি টি ২০ ম্যাচ খেলার কথা বিরাটদের।
২৭ নভেম্বর থেকে শুরু হতে চলেছে এই অস্ট্রেলিয়া সফর। প্রথমে হবে একদিনের সফর। প্রতিটি ম্যাচই হবে সিডনিতে। তারপরে সেখান থেকে ক্যানবেরা রওনা দেবে ভারতীয় দল। সেখানে প্রথম টি ২০ ম্যাচ হবে দু’দলের মধ্যে। বাকি দুটি টি ২০ ম্যাচ ফের হবে সিডনিতে।
১৭ ডিসেম্বর থেকে প্রথম টেস্ট হওয়ার কথা। অ্যাডিলেডে এই টেস্ট হবে দিন-রাতের। তারপরে মেলবোর্নে ঐতিহাসিক বক্সিং ডে সিরিজে মুখোমুখি হবে দুই দেশ। যদিও এই টেস্টের ব্যাক আপ মাঠ হিসেবে অ্যাডিলেডকে রাখা হয়েছে। শেষ দুটি টেস্ট হবে যথাক্রমে সিডনি ও ব্রিসবেনে।
বৃহস্পতিবার কোয়ারেন্টাইন নিয়মের কথা জানিয়ে দিয়েছে নিউ সাউথ ওয়েলস প্রশাসন। দলের সঙ্গে স্ত্রী কিংবা বান্ধবীদের নিয়ে যাওয়া যাবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। আইপিএলে বান্ধবী কিংবা স্ত্রীদের নিয়ে যাওয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত বিসিসিআই ছেড়ে দিয়েছিল ফ্র্যাঞ্চাইজিদের উপরে। কিন্তু অস্ট্রেলিয়ায় তা হবে না। অর্থাৎ আইপিএলের শেষে আমিরশাহী থেকে দেশে ফিরে আসতে হবে অনুষ্কা শর্মাদের।
এর আগে ২০১৯ সালে অস্ট্রেলিয়া সফরে ইতিহাস তৈরি করেছিল ভারত। প্রথম এশীয় দেশ হিসেবে অস্ট্রেলিয়াকে তাদের দেশে টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে হারিয়েছিলেন বিরাটরা। তিন ম্যাচের একদিনের সিরিজও ২-১ ব্যবধানে জেতে ভারত। অবশ্য টি ২০ সিরিজ ০-২ ব্যবধানে হারতে হিয়েছিল ভারতকে। এবার ফের নতুন রেকর্ড গড়ার আশায় অস্ট্রেলিয়ায় পা রাখবেন বিরাট-রোহিতরা। আইপিএলে তাঁরা যা ফর্মে রয়েছেন তাতে তিন ফরম্যাটেই সিরিজ জিতে আসতে চাইবে ভারত।