
শেষ আপডেট: 19 September 2020 11:52
মুম্বই ইন্ডিয়ান্স- মুম্বই দলে প্রতিবারই নজর কাড়েন ভারতীয় ক্রিকেটাররা। যশপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, ক্রুণাল পান্ডিয়া, সূর্যকুমার যাদবদের উপরে তো এবারও সবার নজর থাকবে। অনুকূল রয়, ইশান কিষাণ, আদিত্য তারের মতো ক্রিকেটাররাও সুযোগ পেলে নিজেদের জাত চেনাতে তৈরি।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর- বিরাট কোহলি প্রতিবারই ভারতীয় ক্রিকেটারদের মধ্যে তরুণদের উপরেই বিশ্বাস করেন। এবারও দলে রয়েছেন দেবদত্ত পাল্লিকালের মতো ক্রিকেটার। ভারতীয় দলে সুযোগ পাওয়া শিবম দুবে ও নবদীপ সাইনি নিয়মিত খেলবেন দলে। তাঁরাও এই বছর দলের নির্ভরযোগ্য ক্রিকেটার হয়ে উঠতে পারেন।
কলকাতা নাইট রাইডার্স- কলকাতা দলেও বেশ কিছু তরুণ ক্রিকেটার রয়েছেন, যাঁরা এবারের আইপিএলে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। শুবমান গিল, নীতীশ রাণা, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণারা যখনই খেলেছেন, নিজের সেরাটা দিয়েছেন। তাছাড়া রিঙ্কু সিং, রাহুল ত্রিপাঠি, শিবম মাভি, সন্দীপ ওয়ারিয়র, কমলেশ নাগারকোটি, বরুণ চক্রবর্তীর মতো তরুণরাও রয়েছেন দলে। তাঁরাও দলের সাফল্যে উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারেন।
দিল্লি ক্যাপিটালস- দিল্লি দলে ভারতীয় তরুণদের সুযোগ সবথেকে বেশি থাকে। অধিনায়ক শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, পৃথ্বী শ ভাল ফল করার দিকে মুখিয়ে আছেন। এই তিনজনই ভারতীয় দলের অন্যতম সেরা প্রতিভা। তাই তাঁদের দিকে তাকিয়ে রয়েছে দিল্লি ফ্র্যাঞ্চাইজি।
কিংস ইলেভেন পাঞ্জাব- পাঞ্জাব দলে মনদীপ সিং, সরফরাজ খান, করুণ নায়ার, ময়ঙ্ক আগরওয়াল, লোকেশ রাহুলরা রয়েছেন, যাঁরা দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে এসেছেন। এছাড়া ঈশান পোড়েল, রবি বিষ্ণোইয়ের মতো তারকারা রয়েছে দলে। তাঁরাও সুযোগ পেলে ভাল করতে মরিয়া।
সানরাইজার্স হায়দরাবাদ- এই দলে মনীশ পাণ্ডে, বিজয় শঙ্করের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা রয়েছেন। তাঁরা ভাল খেলে জাতীয় দলে ফেরার চেষ্টা করবেন। অন্যদিকে প্রিয়ম গর্গ, অভিষেক শর্মা, বিরাট সিংয়ের মতো ক্রিকেটাররা আইপিএলের মঞ্চে নিজেদের জাত চেনাতে মরিয়া।
রাজস্থান রয়্যালস- এই দলে এবার রয়েছেন যশস্বী জয়সওয়াল, যাঁর দিকে তাকিয়ে রয়েছে গোটা ভারতীয় ক্রিকেট। এছাড়া মনন ভোরা, সঞ্জু স্যামসনের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা রয়েছেন। আবার রিয়ান পরাগ, অঙ্কিত রাজপুত, বরুণ অ্যারনের মতো ক্রিকেটাররাও আইপিএলে ভাল করতে মরিয়া হয়ে রয়েছেন।