দ্য ওয়াল ব্যুরো: অ্যাডিলেডে লজ্জার হারের পরে মেলবোর্নে ঐতিহাসিক জয় পেয়েছে ভারত। অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে তারা। এই ম্যাচে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বিরাটের অবর্তমানে ভারতের অধিনায়ক অজিঙ্ক্যা রাহানে। দুরন্ত সেঞ্চুরির পাশাপাশি দুর্দান্ত অধিনায়কত্বও করেছেন তিনি। আগেই বিরাটের প্রশংসা পেয়েছেন রাহানে। এবার প্রশংসা পেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বর্তমানে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের।
মেলবোর্নে ভারতের জয়ের পরে নিজের টুইটার অ্যাকাউন্টে শুভেচ্ছা জানান সৌরভ। রাহানের পাশাপাশি রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার প্রশংসাও শোনা যায় তাঁর মুখে। সৌরভ লেখেন, “মেলবোর্নে একটি বিশেষ জয়। ভারত এখানে খেলতে ভালবাসে। দারুণ কৃতিত্ব অজিঙ্ক্যা রাহানে। ভাল মানুষরা ফার্স্টও হয়। সবাইকে শুভেচ্ছা। অশ্বিন ও জাদেজাকে পরের দুই টেস্টের জন্য শুভেচ্ছা।”
https://twitter.com/SGanguly99/status/1343972192602652673
মঙ্গলবার কয়েক ঘণ্টার মধ্যে ম্যাচ নিজেদের পকেটে পুড়ে নেয় ভারত। তারপরে নিজের টুইটারে গিয়ে ভারতীয় দলের প্রশংসা করেন বিরাট কোহলি। তিনি লেখেন, “কী দারুণ জয় এটা। দলের সবার তরফে দারুণ চেষ্টা। এটা ঐক্যবদ্ধ লড়াইয়ের ফল। ছেলেদের জন্য খুব খুশি। বিশেষ করে রাহানে যেভাবে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে জেতাল তা অতুলনীয়। এখান থেকে সামনের দিকে শুধুই ভাল হবে।”
অ্যাডিলেডের হারের পরে মেলবোর্নে ঘুরে দাঁড়ানো কিন্তু মোটেই সহজ ছিল না ভারতের জন্য। তার উপরে বিরাট পিতৃত্বের দায়িত্ব পালনের জন্য দেশে ফিরে আসেন। চোটের জন্য বাকি তিন টেস্ট থেকে ছিটকে যান অন্যতম সেরা পেসার মহম্মদ শামি। অনেক প্রশ্নচিহ্ন উঠেছিল দলের ব্যাটসম্যানদের উপরেও।
আর সেখানেই কামাল করলেন রাহানে। শুধুমাত্র বুদ্ধিমানের মতো বোলিং পরিবর্তন কিংবা আক্রমণাত্মক ফিল্ডিং সেট করা নয়, ব্যাট করার সময়ও দায়িত্ব নিলেন নিজে। তাঁর দুরন্ত সেঞ্চুরির জন্যই প্রথম ইনিংসে ১৩১ রানের লিড পায় ভারত। নইলে জয় সহজ ছিল না। আর তাই এই জয়ে রাহানের অবদান সবথেকে বেশি। ম্যাচের সেরা হয়ে সেই স্বীকৃতিও পেয়েছেন তিনি। এবার প্রশংসা মিলল খোদ বিরাটের কাছ থেকেই।
আগামী টেস্ট সিডনিতে। সেখানে হয়তো ভারতীয় দলে যোগ দেবেন রোহিত শর্মা। রোহিত খেললে ময়ঙ্ক আগরওয়াল কিংবা হনুমা বিহারির মধ্যে কাউকে বসতে হবে। অন্যদিকে দ্বিতীয় টেস্টে চোট পাওয়া উমেশ পরের টেস্টে খেলতে পারবেন কিনা ঠিক নেই। না পারলে সিডনিতে অভিষেক হতে চলেছে তরুণ পেসার নবদীপ সাইনির। অবশ্য সেসব নিয়ে এখন ভাবতে নারাজ টিম ইন্ডিয়া। মেলবোর্নের জয় দলের মনোবল অনেকটাই যে বাড়িয়ে দিয়েছে তা নিঃসন্দেহে বলা যায়।