দ্য ওয়াল ব্যুরো: বড় রকমের পরিবর্তন করে মেলবোর্নে বক্সিং ডে টেস্টে নামছে ভারতীয় দল। প্রথম টেস্টে অ্যাডিলেডে মাত্র ৩৬ রানে শেষ হয়ে যাওয়ার পরে কম সমালোচনা হয়নি ভারতীয় দলকে নিয়ে। তার মধ্যে দলের অধিনায়ক বিরাট কোহলি পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরে এসেছেন। পেসার মহম্মদ সামি চোটের কারণে পুরো সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন।
দলের দুই তারকাকে ছাড়াই মেলবোর্নে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নামছে ভারত। একদিন আগেই সেই ম্যাচের প্রথম একাদশ ঘোষণা করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এটিও বিশেষ ইতিবাচক দিক বলছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কোহলির অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দেবেন মিডলঅর্ডার ব্যাটসম্যান আজিঙ্কা রাহানে। এছাড়া দলে পরিবর্তন হয়েছে চারটি।
বিরাট কোহলির জায়গায় দলে ফেরানো হয়েছে বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে। মেলবোর্নের উইকেট ফ্ল্যাট হওয়ায় কোহলির বদলে ব্যাটসম্যান হিসেবে লোকেশ রাহুলকে না নিয়ে বরং স্পিন বিভাগকে শক্তিশালী করতেই জাদেজাকে দলে নিয়েছে দল পরিচালকমন্ডলী।
এছাড়া চোটের কারণে নেই শামি, তাঁর জায়গায় অভিষেক হচ্ছে ডানহাতি পেসার মহম্মদ সিরাজের। প্রথম শ্রেণির ক্রিকেটে খেলা ৩৮ ম্যাচে মাত্র ২৩ গড়ে ১৫২ উইকেট রয়েছে সিরাজের ঝুলিতে। যশপ্রিৎ বুমরাহ ও উমেশ যাদবের সঙ্গে মেলবোর্নে তিনিও সামলাবেন ভারতের পেস বিভাগ।
হতশ্রী পারফরম্যান্সের কারণে দল থেকে বাদ গিয়েছেন মুম্বইয়ের তরুণ ওপেনার পৃথ্বী শ। তিনি অ্যাডিলেডে প্রথম টেস্টের দুই ইনিংসেই আউট হয়েছেন বাজেভাবে। পৃথ্বীর বদলে আরেক ডানহাতি তরুণ শুভমান গিলকে টেস্ট খেলতে নামানো হচ্ছে প্রথমবারের মতো।
বাংলার উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহাকেও বাদ দেওয়া হয়েছে। অ্যাডিলেডে টেস্টের পরপরই গুঞ্জন শোনা যাচ্ছিল, হয়তো ক্যারিয়ারের শেষ টেস্ট খেলে ফেলেছেন ঋদ্ধি। ভারতীয় দল পরিচালকমন্ডলীর বক্তব্য, ঋদ্ধির ব্যাটের হাত ভাল নয়, সেক্ষেত্রে ঋষভ কাজে লাগতে পারেন এই ম্যাচে।
লোকেশ রাহুলকে তাও ফেরানো হল না। জাদেজাকে দলে নিয়ে বড় রকমের একটা চমক দেখানো হয়েছে। জাদেজা ব্যাটিংয়ের সঙ্গে বোলিংয়েও সমানভাবে সহায়তা করতে পারবেন, সেই কারণে তাঁকে নেওয়া হয়েছে।
মেলবোর্ন টেস্টে ভারতীয় দল: মায়াঙ্ক আগরওয়াল, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, হনুমা বিহারি, আজিঙ্কা রাহানে (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব, যশপ্রিৎ বুমরাহ, মহম্মদ সিরাজ।