দ্য ওয়াল ব্যুরো: ওয়ান ডে ক্রিকেটের পরে টেস্ট ক্রিকেটেও ইতিহাস গড়লেন ক্লেয়ার পোলোসাক। তিনিই বিশ্ব ক্রিকেটে প্রথম মহিলা আম্পায়ার, যিনি পুরুষদের ক্রিকেটে আম্পায়ারিং করলেন। আর সেই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় টেস্টে।
ইতিহাস তিনি অবশ্য আগেই গড়েছেন। গত বছর উইন্ডহকে আইসিসি ডিভিশন টু নামিবিয়া-ওমান ওয়ান ডে ম্যাচে। পুরুষদের ওয়ান ডে ইতিহাসে প্রথম মহিলা হিসেবে ফিল্ড আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেছিলেন। ২০১৮ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারের ভূমিকায় ছিলেন পোলোসাক। মেয়েদের বিগব্যাশেও আম্পায়ারিং করে ইতিহাস গড়েছেন তিনি।
বৃহস্পতিবার সিডনির মাঠে চতুর্থ আম্পায়ার হিসেবে মাঠে থেকে তিনি ডেভিড ওয়ার্নারকে সতর্কও করেছেন। কেননা কেউ মাঠে নামার আগেই ওয়ার্নার নেমে পড়েছিলেন, তিনি ওয়ার্নারকে ডেকে সতর্ক করেছেন, তারপর ড্রেসিংরুমে ফিরে বাকিদের সঙ্গে ফের মাঠে যান অস্ট্রেলীয় নামী তারকা।
তৃতীয় টেস্টে মাঠের আম্পায়ার হিসেবে দেখা গিয়েছে অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার পল রিফেল ও পল উইলসনকে। তৃতীয় অর্থাৎ টিভি আম্পায়ারের দায়িত্বে ছিলেন ব্রুস অক্সেনফোর্ড। ম্যাচ রেফারি ডেভিড বুন।
টেস্টে আইসিসির নিয়ম অনুযায়ী, রিজার্ভ আম্পায়ার নিয়োগ করে থাকে সিরিজ আয়োজককারী ক্রিকেট বোর্ড। সিরিজ এবার অস্ট্রেলিয়ায় হওয়ায় পোলোসাককে সুযোগ করে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। আইসিসির আম্পায়ার প্যানেলে মনোনীত ব্যক্তিদের মধ্যে থেকে বাছাই করে সিদ্ধান্তটি নিয়েছে সিএ।
নিউ সাউথ ওয়েলসের বাসিন্দা পোলোসাক অস্ট্রেলিয়ায় ছেলেদের লিস্ট ‘এ’ ম্যাচেও প্রথম মহিলা আম্পায়ার। সিডনিতে এদিন তিনি নতুন বল নিয়ে মাঠে গিয়েছেন, মাঠের আম্পায়ারদের পানীয় সরবরাহের দায়িত্বও পালন করেছেন তিনি। এ ছাড়া নতুন বেলস দেওয়া, আলোর মিটারের ব্যাটারি পরীক্ষা করা, মধ্যাহ্নভোজ ও চা বিরতির সময় বাইশগজে তদারকি করাও রিজার্ভ আম্পায়ারের কাজ।
মাঠের কোনও আম্পায়ার একান্ত ম্যাচ পরিচালনা করতে না পারলে তখন তৃতীয় আম্পায়ারের দায়িত্ব পালন করবেন রিজার্ভ আম্পায়ার। তৃতীয় আম্পায়ার মাঠের আম্পায়ারের ভূমিকা নেবেন সেইসময়, এটাই নিয়ম।