দ্য ওয়াল ব্যুরো: হারের হ্যাটট্রিক হয়েছে দলের। এখনও পর্যন্ত গোলের খাতা খুলতে পারেনি দল। তিন ম্যাচে সাতটা গোল খেতে হয়েছে ডিফেন্সকে। তারপরেও দলের উপর আস্থা রাখছেন কোচ। তাঁর বিশ্বাস ভাল ফল থেকে আর বেশি দূরে তাঁরা নেই। আগামীকাল জামশেদপুর এফসির বিরুদ্ধেই সেই ফল দেখা যেতে পারে বলে আত্মবিশ্বাসী এসসি ইস্টবেঙ্গলের ব্রিটিশ কোচ রবি ফাউলার।
বুধবার প্রেস কনফারেন্সে ফাউলার বলেন, “সব ম্যাচের মতো আগামী ম্যাচও কঠিন। এই লিগে যে কোনও দল যে কোনও দলকে হারাতে পারে। কিন্তু আমাদের আত্মবিশাসী হতে হবে। আমাদের জন্য সময়টা ভাল নয়। আমরাও জিততে চাই। কেউ হারতে চায় না। কিন্তু সাফল্য রাতারাতি আসে না। যে কটা ম্যাচ আমরা খেলেছি সেগুলোতে একেবারে খারাপ খেলিনি। সেটাই আমাদের ভাল দিক। ভাল ফল থেকে বেশি দূরে নেই আমরা।”
নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে দুটি ক্ষেত্রে পেনাল্টি পেতে পারত ইস্টবেঙ্গল। সেটা হলে ম্যাচের ফল অন্যরকম হত। কিন্তু সেটা নিয়ে ভাবতে খুব একটা রাজি নন ফাউলার। তিনি বলেন, “শেষ ম্যাচের পরে আমাকে ভার নিয়ে জিজ্ঞাসা করা হয়েছিল। আমি জানি না এই টেকনোলজি আসবে কিনা, কিন্তু অনেক সময় তাতে খেলা অনেকক্ষণ ধরে চলে। রেফারিদের পক্ষে অনেক কষ্টকর সেটা। তাই সেদিকে না ভেবে আমরা নিজেদের নিয়েই ভাবছি। কারণ ফুটবলে অনেক সময়ই সিদ্ধান্ত আপনার বিপক্ষে যায়।”
এই মুহূর্তে বেশ কিছু ফুটবলারকে চোটের জন্য পাচ্ছে না ইস্টবেঙ্গল। দুই বিদেশি ড্যানি ফক্স ও হলওয়ে ছাড়াও তরুণ লোকেন মিতেইও চোটের জন্য বাইরে। তাঁদের দিকে নজর রাখা হচ্ছে বলেই জানিয়েছেন লাল-হলুদের কোচ। যত তাড়াতাড়ি সম্ভব প্রথম একাদশে তাঁদের দেখতে চান তিনি।
ফাউলার মনে করেন শুধুমাত্র গোলটাই পাওয়া বাকি। একটা গোল হলেই দলের চেহারাটা বদলে যাবে। তিনি বলেন, “অনেক ক্ষেত্রে আমরা গোলের জায়গায় পৌঁছে গিয়েও গোল করতে পারছি না। এতেই সমস্যা হচ্ছে। আমাদের মাথায় রাখতে হবে সুযোগ যত আসুক সদ্ব্যবহার করতে না পারলে কোনও লাভ নেই। তাই আমরা চাইছি গোল করতে। তাহলেই দলটা অন্য খেলা খেলবে।”
আগামীকাল গোয়ার তিলক ময়দানে জামশেদপুরের সঙ্গে ম্যাচ ইস্টবেঙ্গলের। আগের ম্যাচেই শক্তিশালী এটিকে মোহনবাগানকে হারিয়ে প্রচণ্ড আত্মবিশ্বাসী ওয়েন কয়েলের ছেলেরা। তাই তাদের সামনে যথেষ্ট কঠিন পরীক্ষার সামনে পড়তে হবে লাল-হলুদ ব্রিগেডকে। কিন্তু কালকের ম্যাচে দল ভাল ফল করবে, এমনটাই আশা করছেন কোচ ফাউলার।