দ্য ওয়াল ব্যুরো: রণক্ষেত্রে ছোটদের ডার্বি। কলঙ্কিত ময়দান।
মঙ্গলবার দুপুরে ইস্টবেঙ্গল মাঠে ছিল অনুর্দ্ধ-১৮ আই লিগের ফিরতি বড় ম্যাচ। আর সেই ম্যাচেই একটি ফাউলকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল ইস্টবেঙ্গল মাঠ। একদল ইস্টবেঙ্গল সমর্থক পেটালেন সাংবাদিকদের ধরে। বাদ দেওয়া হলো না মহিলা সাংবাদিকদেরও।
আগের ম্যাচে মহনবাগান মাঠে খণ্ডযুদ্ধ বেঁধে গিয়েছিল। মোহনবাগান পতাকায় একটি বিতর্কিত লাইন লিখে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল লাল-হলুদ সমর্থকদের বিরুদ্ধে। গ্যালারি তো বটেই সে বার দুই প্রধানের সমর্থকদের সংঘর্ষ নেমে এসেছিল রাজপথেও।
এ দিন একটি ফাউল দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত। একদল ইস্টবেঙ্গল সমর্থক অশ্লীল গালিগালাজ করতে থাকে। বেশ কয়েকজন সিনিয়র সমর্থক ও আধাকর্তা তাদের থামাতে গেলে তাদের সঙ্গেও বচসা বেঁধে যায়। এরপর উপস্থিত সাংবাদিকরা ছবি তুলতে গেলে ওই কয়েকজন সমর্থক চড়াও হয় তাঁদের উপরও। একজন মহিলা ক্রীড়া সাংবাদিককেও হেনস্থা করা হয়।
গোটা ঘটনায় ইস্টবেঙ্গল কর্তারা কার্যত হতবাক। ক্লাবের এক শীর্ষ কর্তা বলেন, “এরা আর যাই হোক ফুটবলের সমর্থক নয়।” উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে গ্যালারিতে আসতে হয় পুলিশকে। বেশ খানিকক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ দিনের ম্যাচেও মোহনবাগানের কাছে ১-০ গোলে হারতে হয় ইস্টবেঙ্গলকে। হারের থেকেও লাল-হলুদের কাছে এ দিনের সবচেয়ে বড় লজ্জা সমর্থকদের অসভ্যতা। এ দিন ইস্টবেঙ্গল সমর্থকদের আচরণ দেখে অনেকেই প্রশ্ন তুলছেন, বিশ্বকাপার আসছেন, বিনিয়োগ আসছে, ঢেলে সাজানো হচ্ছে পরিকাঠামো, কিন্তু সমর্থকরা আর কবে বদলাবেন? কবে হুলিগানদের কবল থেকে মুক্ত হবে ময়দান?