
শেষ আপডেট: 12 February 2021 16:32
এই ড্রয়ের ফলে ইস্টবেঙ্গল যে পজিশনে ছিল, সেখানেই থেকে গেল। তারা ১৭ ম্যাচে সংগ্রহ করল ১৭ পয়েন্ট, ফাউলারের দল রয়েছে সেই দশম স্থানেই। নিচ থেকে দ্বিতীয়তে।
গত ম্যাচের দলই রেখেছিল ইস্টবেঙ্গল শুক্রবার। বরং বিপক্ষ দল দুটি বদল আনে প্রথম একাদশে। লাল হলুদ দল গত ম্যাচে যেভাবে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলেছিল, এদিন সেই ঝাঁঝটা ছিল না।
https://twitter.com/IndSuperLeague/status/1360258467517272068
তবুও বলতে হবে, রেফারির কৃপাদৃষ্টি থাকলে এই ম্যাচ ইস্টবেঙ্গল জিতেই মাঠ ছাড়ত, কারণ ব্রাইটকে যেভাবে বক্সের মধ্যে ট্রিপ করে ফেলে দেওয়া হয়েছে, তারপরেও রেফারি কেন চোখ বুজে থাকলেন, সেটাই অবাক করার মতো বিষয়।
হলওয়ে ও ব্রাইটের যুগলবন্দিতে গোলের কাছে পৌঁছে যায় এসসি ইস্টবেঙ্গল। ব্রাইটকে কাট্টিমনি অবৈধভাবে বাধা দিলেও পেনাল্টি দেননি রেফারি। এই নিয়ে আবার ইস্টবেঙ্গল কোচ কথা বললে তাঁকে শাস্তি পেতে হচ্ছে। কিন্তু রেফারিংয়ের মান কমছেই। এদিনও লাল হলুদের সহকারি কোচ গ্রান্টকে পেনাল্টির আবেদনের জন্য কার্ড দেখতে হয়েছে। ম্যাচের একেবারে শেষে যদিও হায়দরাবাদের ইয়াসির লাল কার্ড দেখেন।
বড় ম্যাচের আগে চাপে থাকল ইস্টবেঙ্গল শিবির। ১৯ ফেব্রুয়ারি ডার্বি, তার আগে পয়েন্ট নষ্ট করে চাপ বাড়াল নিজেদের। যদিও হায়দরাবাদই ম্যাচে প্রাধান্য বজায় রেখেছে। কিন্তু পালটা আক্রমণে ব্রাইট গোল পেলেও সেটি দাম পায়নি। কারণ নিজামের শহরের পক্ষে বিদেশী সান্তানা গোল করে এক পয়েন্ট এনে দিয়েছেন দলকে।