দ্য ওয়াল ব্যুরোঃ টুর্নামেন্টে নামেননি রজার ফেডেরার ও রাফায়েল নাদাল। প্রি-কোয়ার্টারফাইনালে লাইন জাজকে আঘাত করে বহিষ্কৃত হয়েছেন নোভাক জোকোভিচ। এই অবস্থায় ইউএস ওপেনে যে নতুন চ্যাম্পিয়ন হবে তা অনেক আগেই বুঝে গিয়েছিল টেনিস দুনিয়া। দ্বিতীয় বাছাই অস্ট্রিয়ার ডমিনিক থিয়েম নাকি পঞ্চম বাছাই জার্মানির আলেকজান্ডার জেরেভ, কে চ্যাম্পিয়ন হবে সেদিকেই তাকিয়ে ছিল টেনিস দুনিয়া। অবশেষে পিছিয়ে থেকেও টুর্নামেন্ট জিতে ইতিহাস তৈরি করলেন থিয়েম। খেলার ফল তাঁর পক্ষে ২-৬, ৪-৬, ৬-৪, ৬-৩, ৭-৬ (৮/৬)।
বেশ কিছু নতুন রেকর্ড তৈরি হল এবার। এই প্রথম ইউএস ওপেনের ওপেন এরাতে কোনও প্লেয়ার প্রথম দুটো সেট খুইয়েও চ্যাম্পিয়ন হলেন। এই প্রথম ফাইনালের পঞ্চম সেটে টাইব্রেকারে মীমাংসা হল। ২০১৪ সালে ইউএস ওপেনে ক্রোয়েশিয়ার মারিন চিলিচ চ্যাম্পিয়ন হওয়ার পরে কোনও টেনিস তারকা প্রথমবারের জন্য গ্র্যান্ড স্ল্যাম জিতলেন। আবার ২০১৬ সালে ইউএস ওপেনে সুইৎজারল্যান্ডের স্ট্যান ওয়ারিঙ্কা চ্যাম্পিয়ন হওয়ার পরে ফেডেরার, নাদাল ও জোকোভিচের বাইরে কেউ কোনও গ্র্যান্ড স্ল্যাম জিতলেন।
৪ ঘণ্টা ২ মিনিটের এই লড়াইয়ের শেষে চ্যাম্পিয়ন হলেন থিয়েম। এর আগে তিনবার ফাইনালে উঠে হেরেছেন তিনি। ২০১৮ ও ২০১৯ সালের ফ্রেঞ্চ ওপেন ও ২০২০ সালের অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে হারতে হয়েছিল তাঁকে। এদিনও শুরুটা দেখে মনে হয়েছিল এবারও হয়তো রানার্স হয়েই থাকতে হবে তাঁকে। জেরেভের উইনারের কোনও জবাব ছিল না থিয়েমের কাছে। তাছাড়া বেশ কিছু আনফোর্সড এররও করে ফেলেন তিনি। ফলে প্রথম দুই সেট খোয়াতে হয় তাঁকে।
তৃতীয় সেট থেকে কামব্যাক করলেন থিয়েম। ক্লান্তির জেরে জেরেভের দ্বিতীয় সার্ভিসের গতি অনেক কমে যায়। তাছাড়া তাঁর দুর্বল ফোরহ্যান্ডের সুযোগ নেন থিয়েম। ফলে পরের দুটি সেট নিজের নামে করে পঞ্চম সেটে নিয়ে যান খেলা। অথচ শেষে সেটেও চ্যাম্পিয়ন হতে পারতেন জেরেভ। তাঁর পক্ষে ফল ৫-৩ অবস্থায় নিজের সার্ভিস খোয়ান জেরেভ। উল্টোদিকে আবার ৬-৫ এগিয়ে যাওয়া অবস্থায় নিজের সার্ভিস খোয়ান থিয়েমও। ফলে টাইব্রেকারে গড়ায় সেট। সেখানেও পরপর দুটি ডবল ফল্টের খেসারত দিতে হয় জেরেভকে। ম্যাচ জিতে যান থিয়েম।
এদিন ফ্লাশিং মিডোর আর্থার অ্যাশ স্টেডিয়ামে কয়েক জন দর্শকের সামনেই হল ফাইনাল। তাঁদের মধ্যে টুর্নামেন্টের আয়োজক, কিছু সাংবাদিক ও দুই প্লেয়ারের কোচিং টিম ও পরিবারের সদস্যরা ছিলেন। তবে টিভিতে অসংখ্য মানুষ এই লড়াই দেখলেন। আর দেখলেন ফেডেরার, নাদাল, জোকোভিচের পরে তরুণ থিয়েমের হাতে উঠছে ইউএস ওপেন ট্রফি।