দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রেলীয় ওপেনের সেমিফাইনালে উঠলেন গতবারের চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ। বিশ্বের একনম্বর চার সেটের লড়াইয়ে ৬–৭, ৬–২, ৬–৪, ৭–৬ গেমে হারালেন ষষ্ঠ বাছাই আলেকজান্ডার জেভরেভকে। সাড়ে তিন ঘন্টার লড়াইয়ে প্রথম সেট টাইব্রেকারে হেরে যাওয়ার পর দারুণ ভাবে ফিরলেন ম্যাচে। জেতার পর বললেন, ‘‘প্রথম সেটে টাইব্রেকে হারের পর নড়াচড়া ভাল হচ্ছিল আমার। খুব ভাল সার্ভিস করছিলাম। দুর্দান্ত লড়াই হল ম্যাচে।’’
এর আগে তৃতীয় রাউন্ডের ম্যাচে চোট পেয়েছিলেন তিনি। পেটের পেশিতে টেপ বেঁধে এদিন খেললেন। তবে তা শেষ চারে ওঠার পথে বাধা হতে পারেনি। ২৩টি এস মারলেন তিনি।
চোট নিয়ে জকোভিচ বললেন, ‘‘এবারই প্রথম চোটের জন্য ভুগছি না। আগেও গ্র্যান্ড স্লামে বিভিন্ন চোটের জন্য সমস্যা হয়েছে। সেই কারণেই এখন আমি অফ ডে–তে অনুশীলন করছি না।’’
এই নিয়ে ৩৯বার গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে উঠলেন। এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ান ওপেনে আটবার চ্যাম্পিয়ন হয়েছেন জোকার। এবার নবম খেতাবের লক্ষ্যে মরিয়া। কেরিয়ারে ১৭ গ্র্যান্ড স্লাম জিতেছেন। এবার লক্ষ্য ১৮তম খেতাব।
সেমিফাইনালে জকোভিচের প্রতিদ্বন্দ্বী আসলান কারাটসেভ। কারাটসেভ আবার ওপেন যুগে প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে অভিষেকেই গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে ওঠার রেকর্ড করলেন। ২–৬, ৬–৪, ৬–১, ৬–২ গেমে হারালেন ১৮তম বাছাই গ্রিগর দিমিত্রভকে। ২৭ বছর বয়সী কারাটসেভ বলেছেন, ‘‘বিশ্বাসই হচ্ছে না। প্রথম বার মূল ড্রয়ে খেলছি। আর প্রথম বারই সেমিফাইনালে, অবিশ্বাস্য!’’
মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠলেন সেরেনা উইলিয়ামসও। তিনি ৬–৩, ৬–৩ গেমে হারালেন বিশ্বের দুই নম্বর সিমোনা হালেপকে। ২৪তম গ্র্যান্ড স্লাম খেতাবের খোঁজে থাকা সেরেনা সেমিফাইনালে খেলবেন বিশ্বের তিন নম্বর নাওমি ওসাকার বিরুদ্ধে। যিনি টানা ১৯ ম্যাচ জিতেছেন। বিশ্বের তিন নম্বর ওসাকা ৬–২, ৬–২ গেমে রীতিমতো উড়িয়ে দিলেন সেই সু–ওয়েইকে।
কেরিয়ারের ৪০তম গ্র্যাান্ড স্ল্যাম সেমিফাইনালে উঠে দশম বাছাই সেরেনা বলেছেন, ‘‘এটা নিশ্চিত ভাবেই প্রতিযোগিতায় আমার সেরা ম্যাচ। বিশ্বের দুই নম্বরের বিরুদ্ধে খেলার সময় নিজেকে ছাপিয়ে যেতে হবে, জানতামই। আর আমি ঠিক সেটাই করেছি।’’
বুধবার সেমিফাইনালে খেলবেন সেরেনা ও তাঁর প্রিয় ওসাকা। দুই মহারথীর খেলা নিয়ে আগ্রহ রয়েছে টেনিস দুনিয়ায়।