দ্য ওয়াল ব্যুরো: যে রাঁধে, সে চুলও বাঁধে।
বিরাট কোহলিরা সদ্যোজাত কন্যার সঙ্গে একটা ছবি দিলে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। কিংবা হার্দিক পান্ডিয়া বিমানে পুত্রকে কোলে নিয়ে ছবি দিলেও তা নিমেষে খবর হয়ে যায়।
সেই পরিস্থিতিতে বাংলার এক দাবাড়ুর এক মাসের কন্যা নিয়ে ছবিটি যে এত জনপ্রিয় হয়ে যাবে, কেই বা জানত! অনেকে সূর্যশেখর গঙ্গোপাধ্যায়কে ফোন করেও বলেছে, ‘‘দারুণ, একেই বলে ফাদারহুড!’’
গত ৩ জানুয়ারি বাবা হয়েছেন বাংলার নামী দাবাড়ু সূর্যশেখর। নতুন অতিথি আসার পরে সেই ভাবে বিদেশে খেলতে যাওয়া হয়নি তাঁর। স্ত্রী সুদেষ্ণার সঙ্গে হাতে হাত মিলিয়ে কন্যার পরিচর্যা থেকে শুরু করে নিজের দাবা প্র্যাকটিসও চালিয়ে যাচ্ছেন বিশ্বনাথন আনন্দের একদা প্র্যাকটিস পার্টনার।
https://twitter.com/suryachess64/status/1359452458758537219
বুধবার বিকেলেই সূর্যশেখর একটি ছবি টুইট করেছেন, তাতে দেখা যাচ্ছে একমাসের কন্যা আরিয়া বাবার কোলে শুয়ে রয়েছেন, তার মধ্যেই প্র্যাকটিসে মনোনিবেশ করেছেন বাংলার সেরা দাবাড়ু। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘‘আমার কন্যা আরিয়া এইসময় বিছানায় শোয়া পছন্দ করে না। তাই একটু অন্যরকমভাবে ওকে আরামে রাখার চেষ্টা করলাম, যাতে আমরা দু’জনই স্বস্তিতে থাকতে পারি। অন্য ভাবে করার চেষ্টা করিনি, কারণ ও সেটিও আর চায় না।’’
যেহেতু রাতের বেলায় নিরিবিলিতে দাবার মতো মাইন্ডগেমের প্র্যাকটিস ভাল হয়, সেই কারণেই রাতের বেলায় মেয়েকে কোলে করে ঘুম পাড়াচ্ছেন, নিজেও খেলছেন।
সূর্যের এই ছবি দেখে দিব্যেন্দু বড়ুয়ার মতো বাংলার প্রথম গ্র্যান্ডমাস্টার জানিয়েছেন, ‘‘ভাল লাগল সূর্যের ছবিটি দেখে, বাবার দায়িত্ব পালন করার সঙ্গে নিজের লক্ষ্যেও অবিচল।’’ এমনকি সূর্যের কাছের বন্ধু সন্দীপন চন্দ, তিনিও গ্র্যান্ডমাস্টার, বলেছেন, ‘‘সূর্য যেভাবে কন্যাকে রেখেছে, তাতে ও নির্ঘাত দাবাড়ুই করবে! তবে ভাল লাগল ওঁর প্রচেষ্টা, সাবাশ!’’