দ্য ওয়াল ব্যুরো: কুঁচকিতে চোটের জন্য ভারতের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ও টি ২০ সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। এবার প্রথম টেস্ট থেকেও ছিটকে গেলেন তিনি। অ্যাডিলেডে ভারতের বিরুদ্ধে দিন-রাতের টেস্টে খেলতে পারবেন না তিনি। মেলবোর্নে বক্সিং ডে টেস্টে দলে ফেরার প্রস্তুতি শুরু করেছেন তিনি।
ওয়ার্নার জানিয়েছেন, “চোট এখন অনেকটাই ভাল। কিন্তু আমি টেস্ট খেলার আগে আমার মনের দিকে দিয়ে ও দলের প্লেয়ারদের জন্য ১০০ শতাংশ ফিট হতে চাই। ব্যাট করার সময় রানের জন্য দৌড়তে ও ফিল্ডিং করতে যাতে কোনও সমস্যা না হয় সেই প্রস্তুতিই নিচ্ছি আমি।” তিনি আরও বলেন, “এখনও আমি পুরো ফিট নই। আরও ১০ দিন সময় লাগবে। সেই সময়টা আমি নিজেকে দিতে চাইছি।”
মেলবোর্নে দ্বিতীয় টেস্টে ওয়ার্নারের ফেরার বিষয়ে অবশ্য আশাবাদী কোচ জাস্টিন ল্যাঙ্গার। তিনি বলেন, “যদি একজন ক্রিকেটারের উপরে আপনি বিশ্বাস করতে পারেন সেটা হল ওয়ার্নার। আজ ও যতটা ফিট হয়ে উঠেছে সেটাই খুব কঠিন কাজ। আমরা আশা করছি মেলবোর্নে একদম ফিট ওয়ার্নারকে দেখতে পাব।”
তবে ওয়ার্নার না থাকায় কিছুটা সমস্যায় পড়বে অস্ট্রেলিয়া। কারণ দিন-রাতের টেস্টে এই বাঁ’হাতি ওপেনারের ফর্ম দেখার মতো। আর সেজন্যই এখনও পর্যন্ত একটিও দিন-রাতের টেস্টে হারেনি অস্ট্রেলিয়া। ওয়ার্নারের জায়গায় ওপেনে সুযোগ পেতে পারতেন তরুণ ওপেনার পুকোভসকি। কিন্তু প্রস্তুতি ম্যাচে মাথায় চোট পেয়েছেন তিনি। তাই তিনি খেলতে পারবেন কিনা সেটা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
আর এক ওপেনার জো বার্নসের ফর্মও খুব একটা ভাল নয়। প্রস্তুতি ম্যাচের দু’ইনিংসে যথাক্রমে ৪ ও ০ রান করেছেন তিনি। তাই কাকে ওপেন করতে পাঠাবে ম্যানেজমেন্ট তা নিয়ে একটু সমস্যা দেখা দিয়েছে।
এখনও পর্যন্ত অস্ট্রেলিয়া সফর ড্র রয়েছে ভারতের কাছে। একদিনের সিরিজ হারলেও টি ২০ সিরিজ জিতেছে তারা। তাই এবার সবার চোখ টেস্ট সিরিজের দিকে। দুই শক্তিশালী দলের লড়াই দেখার জন্য মুখিয়ে সবাই। ১৭ ডিসেম্বর থেকে শুরু প্রথম টেস্ট। এখন দেখার ওয়ার্নার না থাকায় সেই সুযোগটা ভারত কাজে লাগাতে পারে কিনা।