দ্য ওয়াল ব্যুরো: একজন ফুটবলারের জন্য এমন আকুল প্রার্থনা সারা বিশ্ব শেষ কবে দেখেছে মনে করতে হিমশিম খেতে হচ্ছে।
ফিফা প্রেসিডেন্ট শুরু করে ফুটবল গ্রহের সব তারকা, ডেনমার্ক, রোম, ইতালি, ব্রাজিল, বেলজিয়াম, ফ্রান্স... সব দেশ মিশে গিয়েছে ক্রিশ্চিয়ান এরিকসেনের জন্য। তিনি মিলিয়ে দিয়েছেন পুরো ফুটবল গোলার্ধকে।
তিনি কেমন রয়েছেন, তাঁর পরিবারের সদস্যরা কী ভাবছেন, এমনকি ডেনমার্ক ফুটবলাররা জানিয়েছেন, এরিকসেন যদি ভাল থাকে, তবেই তাঁরা মাঠে নামবেন। ফিনল্যান্ডও খেলতে সম্মত হয়েছে। সেই হিসেবেই তাঁরা মাঠে নামেন এরিকসেনের সুস্থতার খবর শুনেই।
উয়েফা ভারতীয় সময়ে রাত সাড়ে এগারোটা নাগাদ জানিয়েছে, স্থানীয় সময়ে রাত ৮-৩০টায় (ভারতীয় সময়ে রাত দুটো) ডেনমার্ক ও ফিনল্যান্ড দুটি দলই খেলতে সম্মত হয়েছে। কারণ এরিকসেন হাসপাতালে ভাল রয়েছেন, তিনি শ্বাস নিতে পারছেন।
যদিও বিরতির তিন মিনিট আগে ওই ঘটনা ঘটেছিল বলে উয়েফা মাত্র পাঁচ মিনিটের প্রথমার্ধের বিশ্রাম দেবে, তারপর ফের শুরু হয়ে যাবে দ্বিতীয়ার্ধ।
কোপেনহেগেনে চলছিল ইউরো কাপে ফিনল্যান্ড এবং ডেনমার্কের ম্যাচ। ৪৩ মিনিটের খেলা চলছিল তখন। এ সময় একটি থ্রু ইন পাস দেওয়া হয় এরিকসেনকে। কিন্তু তিনি আর সেই বল রিসিভ করতে পারেননি। তার আগেই লুটিয়ে পড়েন মাঠে।
সতীর্থরা এ অবস্থা দেখে মাঠেই কাঁদছিলেন। মেডিক্যাল টিম যখন এরিকসেনের জ্ঞান ফেরানোর চেষ্টায়, তখন তাঁকে ঘিরে দাঁড়িয়েছিল ডেনমার্কের ফুটবলাররা। ফিনল্যান্ডের ফুটবলাররাও ছিলেন সেখানে। সবার চোখে জল, সারা মাঠও উঠে দাঁড়িয়ে প্রার্থনা করছিল সেইসময়।
এরিকসেনকে যখন মাঠ থেকে হাসপাতালে নেওয়া হচ্ছিল, কোপেনহেগেনের স্টেডিয়ামের বাইরে তখন জনতার ভিড় লেগে যাওয়ার মত অবস্থা। সবার মুখে একটাই প্রার্থনা, ‘‘এরিকসেনের দ্রুত সুস্থতা।’’ সোশ্যাল মিডিয়ায় এরিকসেনের সুস্থতা কামনায় সবাই ছিলেন। হাজারো ভক্ত যোগ দিয়েছেন সেই প্রার্থনায়।
শুধু ফুটবল ভক্তরাই নয়, নানা দেশের প্রাক্তন এবং বর্তমান ফুটবলাররাও হাত মিলিয়েছেন এরিকসেনের সুস্থতা কামনায়। ক্রোয়েশিয়া অধিনায়ক লুকা মদরিচ টুইটারে শুধু একটাই শব্দ লিখেছেন, ‘এরিকসেন’। রোনাল্ডো লিখেছেন, ক্রিশ্চ হৃদয় শক্ত রাখো।