দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণের মধ্যে খেলার মাঠে দর্শক ঢোকার অনুমতি প্রথম দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। কিন্তু তাতেই ফের একবার সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। মেলবোর্নে বক্সিং ডে টেস্টের এক দর্শক করোনা আক্রান্ত হয়েছেন। তাই তাঁর আশেপাশে থাকা দর্শকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ কোথায় ওই দর্শক সংক্রামিত হয়েছেন তা এখনও নিশ্চিত নয়। তাই মেলবোর্ন স্টেডিয়াম কোভিড হটস্পট হয়ে উঠতে পারে, এই আশঙ্কা করছে তারা।
ভিক্টোরিয়া’স ডিপার্টমেন্ট অফ হেলথের তরফে জানানো হয়েছে, টেস্টের দ্বিতীয় দিন খেলা দেখতে আসা একজন যুবক করোনা আক্রান্ত হয়েছেন। তিনি স্টেডিয়ামে কিংবা কাছের শপিং সেন্টারে এই ভাইরাসের কবলে পড়েছেন। তাঁর সংক্রমণের উৎস খুঁজে বের করার চেষ্টা করছে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড। একটি বিবৃতি দিয়ে তারা জানিয়েছে, “২৭ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টা থেকে সাড়ে তিনটের মধ্যে দ্য গ্রেট সাদার্ন স্ট্যান্ডের জোন ৫-এ যাঁরা ছিলেন তাঁদের পরীক্ষা করাতে বলছি আমরা। যতদিন না তাঁরা নেগেটিভ রেজাল্ট পাচ্ছেন ততদিন তাঁদের আইসোলেশনে থাকার পরামর্শ দিচ্ছি আমরা।”
মেলবোর্নে খেলা দেখতে উপস্থিত ছিলেন প্রায় ৩০ হাজার দর্শক। এই সংখ্যা মাঠের আসন সংখ্যা থেকে অনেক কম। কারণ বর্তমানে এই মাঠেই সবথেকে বেশি দর্শক ধরে। আগামী কাল থেকে সিডনিতে তৃতীয় টেস্ট শুরু হতে চলেছে। এই মাঠেও ২৫ শতাংশ দর্শক বসার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু সম্প্রতি সিডনিতে ফের সংক্রমণ শুরু হওয়ায় চিন্তা বেড়েছে প্রশাসনের।
অস্ট্রেলিয়ায় করোনা সংক্রমণ অনেকটাই কম। তাও কিছু কিছু জায়গায় সংক্রমণ দেখা যাচ্ছে। সেইসব জায়গায় একবারে সংক্রমণ কমিয়ে দিতে চাইছে প্রশাসন। তাই অনেক বেশি কড়াকড়ি করা হচ্ছে। কিছুদিন আগে রেস্তোরাঁয় খেতে গিয়ে কোভিড নিয়ম ভাঙার অভিযোগ উঠেছে ভারতের পাঁচ ক্রিকেটারের উপর। সেই বিষয়ে তদন্তও করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
চতুর্থ টেস্টে ব্রিসবেনে যাওয়া নিয়ে আপত্তি তুলেছে ভারতীয় দল। সেখানে কোয়ারেন্টাইনের নিয়মে অতিরিক্ত কড়াকড়ির জন্য এই আপত্তি রাহানেদের। এই নিয়েই ফের একটা বিবাদ শুরু হয়েছে। তার মাঝেই মেলবোর্নের এক দর্শক করোনা আক্রান্ত হওয়ার খবরে নতুন করে চিন্তা বেড়েছে প্রশাসনের।