দ্য ওয়াল ব্যুরো: ব্রাজিলের পথেই হাঁটছে চির প্রতিপক্ষ আর্জেন্টিনা। ব্রাজিল যেমন গত ইকুয়েডর ম্যাচে দলের বেশিরভাগ নিয়মিত সদস্যদের রিজার্ভ বেঞ্চে রেখেছিল। তাতে যদিও ১-১ গোলে ড্র হয়েছে ম্যাচ। একই পথে হাঁটছে মেসির দলও।
আগেই নিশ্চিত হয়ে গেছে কোয়ার্টার ফাইনালের টিকিট। তাই শেষ ম্যাচে বলিভিয়ার বিপক্ষে নিজেদের একাদশে বেশ কিছু পরীক্ষানিরীক্ষা করতে চাইছেন মেসিদের কোচ লিওনেল স্কালোনি। তিনি দলের সিনিয়র তারকাদের বিশ্রাম দিতে পারেন। তবে দলের নেতা লিওনেল মেসি খেলবেন।
এখনও পর্যন্ত তিন ম্যাচে দুই জয় ও এক ড্রতে পাওয়া ৭ পয়েন্টে ‘এ’ গ্রুপের শীর্ষেই রয়েছে আর্জেন্টিনা। মঙ্গলবার ভোরে বলিভিয়ার বিপক্ষে শেষ ম্যাচ জিতলে ব্রাজিলের সমান ১০ পয়েন্ট নিয়ে গ্রুপের খেলা শেষ করবে ১৪ বারের কোপা আমেরিকা জয়ী আলবিসেলেস্তেরা।
ভারতীয় সময়ে ভোর সাড়ে পাঁচটায় ম্যাচ শুরু। এ ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে খেলা ছয় তারকাকে বিশ্রাম দেবেন কোচ। যার মধ্যে দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজও রয়েছেন। কোচ দলের রিজার্ভ বেঞ্চকে পরখ করে নিতে চান।
তিন ম্যাচে এক গোল হজম করেছেন এমিলিয়ানো। তাঁর বদলে খেলবেন ফ্রাঙ্কো আরমানি। এছাড়া আগের ম্যাচে একাদশ থেকে বাইরে থাকছেন লুকাস মার্টিনেজ কোয়ারতা, জিওভানি লো সেলসো, লেয়ান্দ্রো পারেদেস, হোয়াকিন কোররেয়া ও লাউতারো মার্টিনেজ।
দলের একাদশ বাছাইয়ের ব্যাপারে স্কালোনি বলেছেন, ‘‘আমাদের দল ঠিক করার ক্ষেত্রে শুধুমাত্র একজন খেলোয়াড়ের জায়গা নিশ্চিত। আপনারাও জানেন সেটা কে। বাকিদের অবশ্যই নিজেদের জায়গা অর্জন করে নিতে হবে। আমাদের জন্য গুরুত্বপূর্ণ হল দলটি যেন কারোর উপর নির্ভর না থাকে। দলটি একটি ইউনিট হিসেবে খেলে, সেটাই গুরুত্বপূর্ণ বিষয়।’’
অবশ্য এত বেশি পরিবর্তন নিয়েও চিন্তার খুব বেশি কারণ নেই আর্জেন্টিনার। কেননা বলিভিয়ার বিপক্ষে অতীত পরিসংখ্যান কিংবা নিজেদের সাম্প্রতিক ফর্মই অনেক এগিয়ে রেখেছে আর্জেন্টিনাকে। এছাড়া চলতি কোপায় এখনও পর্যন্ত তিন ম্যাচেই হেরেছে বলিভিয়া।
বলিভিয়ার বিপক্ষে মুখোমুখি পরিসংখ্যানেও অনেক এগিয়ে মেসিরা। দুই দলের মধ্যে এখনও পর্যন্ত ম্যাচ হয়েছে ৩৯টি। যেখানে আর্জেন্টিনার জয় ২৭ ম্যাচে আর ড্র হয়েছে ৫টি, বলিভিয়ার জয় ৭ ম্যাচে।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: ফ্রাঙ্কো আরমানি, গঞ্জালো মন্টিয়েল, জার্মান পেজ্জেল্লা, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুনা, এজেকুয়েল পালাসিওস, গুইদো রদ্রিগেজ, আলেজান্দ্রো গোমেজ, লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো এবং অ্যাঞ্জেল কোররেয়া।