দ্য ওয়াল ব্যুরো: করোনার হাত থেকে রেহাই পাচ্ছে না ক্রীড়া জগতের বড় নামগুলোও। এবার করোনা পজিটিভ ব্রিটিশ টেনিস তারকা অ্যান্ডি মারে। ফলে অস্ট্রেলীয় ওপেনে তাঁর খেলা নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
চলতি সপ্তাহেই বিশেষ চার্টার বিমানে অস্ট্রেলিয়ার মেলবোর্ন যাওয়ার কথা ছিল মারের। হঠাৎ করোনা ধরা পড়ায় আপাতত তাঁকে আইসোলেশনে থাকতে হবে কিছু দিন।
আগামী ৮ ফেব্রুয়ারি থেকে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলীয় ওপেন শুরু হবে। হাতে যদিও সময় আছে। কিন্তু করোনার ধাক্কা কাটিয়ে মারে কোর্টে ফিরতে পারবেন কি না, সেই অনিশ্চয়তা তো থাকছেই।
করোনার জন্য এবারের অস্ট্রেলিয়ান ওপেন নির্ধারিত সময়ের থেকে তিন সপ্তাহ পরে শুরু হচ্ছে। তারপরও সব রকমের সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়েছে। খেলোয়াড়দের মেলবোর্নে যাওয়ার জন্য ১৫টি বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়েছে।
বিমানে ওঠার আগে প্রত্যেককে করোনা নেগেটিভ রিপোর্ট নিয়ে আসতে হবে। মেলবোর্নে পৌঁছানোর পর প্রত্যেকের আরও একবার কোভিড-১৯ পরীক্ষা হবে। সব পরীক্ষায় পাস করলে তবেই অনুশীলন শুরু করতে পারবেন খেলোয়াড়রা।
মারে যদিও উপসর্গহীন করোনা রোগী। লন্ডনেই আপাতত হোম আইসোলেশনে রাখা হয়েছে তাঁকে। অস্ট্রেলিয়ান ওপেন উদ্যোক্তাদের তরফ থেকে প্রাক্তন পয়লা নম্বরের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে ইতিমধ্যেই। অস্ট্রেলিয়ান ওপেন কর্তৃপক্ষ জানিয়েছে, আমরা আশা করছি উনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং পরের দিকে ব্রিটিশ টেনিস প্লেয়ারকে নিজেদের চার্টার্ড ফ্লাইটে করে অস্ট্রেলিয়ায় উড়িয়ে নিয়ে আসার কথাও জানিয়েছে তারা।
৩৩ বছরের টেনিস মহাতারকার করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়ে অস্ট্রেলিয়ান ওপেন কর্তৃপক্ষ এক টুইটে এদিন লিখেছে, ‘‘অ্যান্ডি মারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আপাতত তাঁকে হোম আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্ভাগ্যবশত উনি অস্ট্রেলিয়ান ওপেনে অংশগ্রহণকারীদের জন্য বরাদ্দ অফিসিয়াল চার্টার্ড ফ্লাইটে আসতে পারছেন না কোয়ারেন্টাইনে থাকার দরুন। তবে অস্ট্রেলিয়ার টেনিস প্রেমী মানুষ ওঁকে খুব ভালবাসে।’’