দ্য ওয়াল ব্যুরো: ইস্টবেঙ্গলের দায়িত্ব নেওয়ার পর ট্রফি না পেলেও তাঁর উপর ভরসা রেখেছিলেন কর্মকর্তারা। কিন্তু চলতি বছরের শুরুতেই আইলিগ চলাকালীন কোচের পদ থেকে সরে দাঁড়ান তিনি। প্রিয় আলে স্যারের চলে যাওয়ার দিনেও কলকাতা বিমানবন্দরে দেখা গিয়েছিল জড়ো হয়েছেন অনেক সমর্থক। বেশ কয়েক মাস পরে ফের নতুন দায়িত্ব নিতে দেখা যাবে আলেজান্দ্রো মেনেন্ডেজ গার্সিয়াকে। স্পেনের দ্বিতীয় ডিভিশন ক্লাব আলবাসেটে বালোমপি-র কোচের দায়িত্ব দেওয়া হচ্ছে তাঁকে। এই ক্লাবের অন্যতম মালিক বার্সিলোনা তথা স্পেনের কিংবদন্তি আন্দ্রে ইনিয়েস্তা।
ইতিমধ্যেই ক্লাবের তরফে আলেজান্দ্রোকে কোচ করার কথা ঘোষণা করে দেওয়া হয়েছে। লা লিগায় অবশ্য মরসুম শুরু হয়ে গিয়েছে। চলতি মরসুমে এর আগেই দু’জন কোচকে ছাঁটাই করেছে আলবাসেটে। মরসুমের শুরুর দিকেই লুকাস আলকারাজ ও তারপরে লোপেজকে সরিয়ে দেওয়া হয়। এখনও খুব একটা ভাল জায়গায় নেই ক্লাব। সেখান থেকে এই দায়িত্ব দেওয়া হল আলেজান্দ্রোকে।
জানা গিয়েছে, আলেজান্দ্রোর সহকারী কোচের ভূমিকায় থাকবেন হুয়ানমা ব্যারেরো। অ্যাটলেটিকো মাদ্রিদের এই প্রাক্তন গোলকিপার সাহায্য করবেন লাল-হলুদের স্প্যানিশ কোচকে।
স্পেনের দ্বিতীয় ডিভিশনের এই ক্লাবের সঙ্গে ইনিয়েস্তার সম্পর্ক বহুদিনের। বার্সিলোনাতে যোগ দেওয়ার আগে এই ক্লাবেই খেলতেন তিনি। বহু পুরনো ক্লাব আলবাসেটের ঐতিহ্যও বেশ পুরনো। কিন্তু ক্রমেই খারাপ হতে থাকে ক্লাবের আর্থিক পরিস্থিতি। ক্লাব বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। সেই সময় প্রথমে ৪ লক্ষ ২০ হাজার ইউরো দিয়ে পুরনো ক্লাবকে সাহায্য করেন ইনিয়েস্তা। পরে ক্লাবের শেয়ারও কিনেছেন তিনি। ২০১৩ সাল থেকে ক্লাবের চেয়ারম্যান আবার ইনিয়েস্তার কোম্পানি ইউনারি এন্টারপ্রাইজের সিইও অগাস্টিন লাজারো।
শুধু সেই সময় সাহায্য করা নয়, পরে করোনা সংক্রমণ চলাকালীনও আলবাসেটকে ২ লক্ষ ৪০ হাজার ইউরো দিয়ে সাহায্য করেন ইনিয়েস্তা। এই সময়ের মধ্যে ক্লাবের সঙ্গে যুক্ত কর্মী ও দলের ফুটবলারদের বেতন মেটাতেই এই অর্থ সাহায্য করেছিলেন তিনি।
২০১১-১২ মরসুমে কোপা ডেল রে-তে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে সবাইকে চমকে দিয়েছিল আলবাসেট। প্রি-কোয়ার্টারফাইনাল পর্যন্ত পৌঁছয় তারা। সেটাই ছিল এই ক্লাবের ইতিহাসে সেরা পারফরম্যান্স। তারপর থেকে গত কয়েক মরসুম ধরে বিশেষ সুবিধা করতে পারছে না ইনিয়েস্তার এই প্রাক্তন ক্লাব। এই সময় অভিজ্ঞ আলেজান্দ্রোর হাতে দায়িত্ব তুলে দিয়েছে তারা। এখন দেখার ইস্টবেঙ্গলের এই প্রাক্তন কোচ দলকে খারাপ অবস্থা থেকে টেনে তুলতে পারেন কিনা। উত্তর দেবে সময়।