দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রেলিয়ার বাউন্সি পিচে নিজেদের মানিয়ে নিতে ভারতীয় ক্রিকেটাররা নেটে টেনিস বলে প্র্যাকটিস সারলেন। এমনকি দলের পেসারদের বোলিং করার মুহূর্তও বিসিসিআই নিজেদের টুইটারে আপলোড করেছে।
টেনিস বলে লোকেশ রাহুলকে ব্যাটিং করতে দেখা গিয়েছে, বোলার ছিলেন রবিচন্দ্রন অশ্বিন। তারপরে দেখা যায় বিরাট কোহলিও তাই করছেন। এর আগে ভারতীয় ক্রিকেটাররা টেনিস বলে নেট করে ম্যাচে নামতেন গতির পিচে ব্যাটিং করার জন্য। ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ায় ভারতীয় ব্যাটসম্যানরা এই পন্থা মেনে চলত।
গত দুইদিন হালকা ওয়ার্ম আপ ও শারীরিক কসরতের পরে ভারতীয় ক্রিকেটাররা সোমবার পুরোদমে নেট করতে শুরু করে দেন। তার তিনটি ভিডিও আপলোড করে বোর্ডও বুঝিয়ে দিয়েছে দলের ক্রিকেটাররা ওয়ান ডে সিরিজের আগে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন।
আইপিএলের মঞ্চ থেকেই বেশিরভাগ ক্রিকেটার অস্ট্রেলিয়া চলে এসেছেন। বিশ্রামের বালাই নেই, এসেই মাঠে নেমে পড়েছেন। রোহিত শর্মা আসেননি, তিনি টেস্ট সিরিজের সময় শিবিরে যোগ দেবেন। ঋদ্ধিমান সাহা দলের সঙ্গেই রয়েছেন অবশ্য, তাঁরও চোট রয়েছে।
এদিকে, দলের নামী পেসার মহম্মদ সামি তাঁর ব্যক্তিগত টুইটার হ্যান্ডেলে গোলাপি কোকাবুরা বলে বোলিং করার ভিডিও পোস্ট করেছেন৷ সামি নিজে আবার টুইটারে লেখেন, ‘‘দেশের হয়ে খেলার অনুভূতি আলাদা৷ অনেক দিন পর ভারতীয় দলের জার্সিতে ফের মাঠে নামব৷ অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার জন্য তাকিয়ে রয়েছি৷’’
তার মধ্যে আবার, সোমবার অ্যাডিলেডে নতুন করে করোনভাইরাসের প্রাদুর্ভাবে ক্যাপ্টেন টিম পেইন-সহ অস্ট্রেলীয় ক্রিকেটাররা আইসোলেশনে যেতে বাধ্য হলেন৷ অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের তরফে এমনটাই জানানো হয়েছে৷ ১৭ ডিসেম্বর থেকে অ্যাডিলেড ওভালেই ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট খেলবে অস্ট্রেলিয়া৷ এই টেস্টটি হবে গোলাপি বলে এবং হবে দিনরাতের ম্যাচ।
অ্যাডিলেডে কোভিড-১৯ এর একটি গোষ্ঠী পশ্চিম অস্ট্রেলিয়া, তাসমানিয়া এবং উত্তরাঞ্চলের মতো অন্যান্য রাজ্যগুলিকে দক্ষিণ অস্ট্রেলিয়ার সঙ্গে তাদের সীমানা বন্ধ করতে বলা হয়েছে। জানানো হয়েছে, অ্যাডিলেড থেকে আসা ক্রিকেটারদের হোম আইসোলেশনে থাকতে হবে। সেই নিয়মের গেঁরোয় পড়ে গিয়েছেন ক্রিকেটারা।
আইপিএলে অংশ নেওয়া ভারতীয় ও অস্ট্রেলীয় ক্রিকেটাররা বৃহস্পতিবার থেকে সিডনিতে ১৪ দিনের কোয়ারেন্টিনে রয়েছেন। সেখান থেকে বেরিয়ে সিরিজের একদিন আগে ২৭ নভেম্বর এমসিজি-তে সিরিজের প্রথম ওয়ান ডে খেলবেন৷