
শেষ আপডেট: 16 November 2023 14:01
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখ গম্ভীর। আকাশের মেঘের আনাগোনা। আবহাওয়া দফতর জানিয়েছে, দিনভর বিক্ষিপ্ত এবং হালকা বৃষ্টি চলতে পারে কলকাতায়। তাই ম্যাচ পণ্ড হওয়ার আশঙ্কা নিয়ে ইডেনে টস হল। সেমিফাইনালে টস জিতে প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নিল প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভূমা।
দক্ষিণ আফ্রিকা, এমন একটি দল যারা গোটা টুর্নামেন্ট ভাল খেললেও কোনওদিন বিশ্বকাপ ফাইনালে উঠতে পারেনি। বেশ কয়েকবার সেমিফাইনাল খেললেও সেই গণ্ডি পেরোতে পারেনি প্রোটিয়ারা। বাভূমার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা ফাইনালে ওঠার স্বপ্ন নিয়ে মাঠে নামছে।
বৃষ্টির আশঙ্কা থাকায় যেকোনও দলই টস জিতে ব্যাট নেবে এটাই স্বাভাবিক। হলও তাই। ক্রিকেট বিশেষজ্ঞদের কথায়, রাতের দিকে রান তাড়া করে জেতা চাপের ব্যাপার। কারণ শিশির পড়ার সম্ভাবনা আছে। আর যদি বৃষ্টি হয় ম্যাচের মাঝে তবে আউটফিল্ড ভিজে থাকবে। সেক্ষেত্রে ব্যাটারদের বড় শট মারতে অসুবিধা হতে পারে।
সেমিফাইনালের প্রথম ম্যাচেও ভারত টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। নিউজিল্যান্ডের সামনে ৩৯৮ রানের লক্ষ্যমাত্রা রাখেন রোহিতরা। সেই রান তাড়া করে জিততে পারেনি কিউয়িরা। দক্ষিণ আফ্রিকাও চাইছে, প্রথম থেকে বড় রানের জন্য ঝাঁপাতে। কারণ যদি পরে বৃষ্টি জন্য ম্যাচ বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে ডাকওয়ার্থ লুইস নিয়মে 'অ্যাডভান্টেজ' মিলবে। সেই একই অঙ্ক রয়েছে অজি অধিনায়ক প্যাট কামিন্সের মাথাতেও।
অজি শিবিরের জন্য সুখবর এই যে, দলে ফিরেছেন গ্লেন ম্যাক্সওয়েল। পেশির টানের যন্ত্রণায় কাতরাতে কাতরাতে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংস খেলেছিলেন তিনি। আগেও দেখা গেছে, গুরুত্বপূর্ণ ম্যাচে সবসময়ই জ্বলে ওঠে ম্যাক্সওয়েলের ব্যাট। তাই বাংলাদেশের বিরুদ্ধে তাঁকে বিশ্রাম দেওয়া হলেও সেমিফাইনালে দলে ফিরিয়ে আনা হয়েছে। এছাড়াও মিচেল স্টার্কের মতো পেসারকে খেলাচ্ছে অস্ট্রেলিয়া।