
সৌরভ গঙ্গোপাধ্যায়।
শেষ আপডেট: 18 July 2024 20:46
দ্য ওয়াল ব্যুরো: এবার মোহনবাগান রত্ন প্রদান করা হবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। বৃহস্পতিবার এই নিয়ে ক্লাবে সিদ্ধান্ত হয়েছে। এমনকী একই দিনে ইস্টবেঙ্গল ক্লাবও জানিয়ে দিয়েছে, ১ অগস্ট ভারত গৌরব সম্মানও দেওয়া হবে প্রাক্তন ভারত অধিনায়ককে। একই বছরে দুই দিনের ব্যবধানে দুই প্রধান থেকে স্বীকৃতি এর আগে বাংলার কোনও ক্রীড়াবিদ পেয়েছেন কিনা সন্দেহ।
সৌরভ এই মুহূর্তে লন্ডনে রয়েছেন। তিনিও খুশি এই সম্মানে। তাঁর সঙ্গে লন্ডনে যোগাযোগ করে এই প্রস্তাব দেওয়া হয়েছিল, তিনি ‘না’ করেননি সবুজ মেরুন কর্তাদের। এমনকী লাল হলুদের প্রস্তাবেও সায় দিয়েছেন বলে খবর।
এর আগে সৌরভকে মোহনবাগানের আজীবন সদস্যপদ দেওয়া হয়েছিল। এবার মোহনবাগান রত্নের মতো দুর্লভ সম্মান প্রদান। আরও চমকপ্রদ বিষয়, গতবার মোহনবাগান দিবসের দিন ২৯ জুলাই সৌরভকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি মোহনবাগান রত্নদের হাতে পুরস্কার তুলে দিয়েছিলেন।
আর এবার সৌরভকে নিজেই ক্লাবের সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে। খেলোয়াড় জীবনে সৌরভ মোহনবাগানের হয়ে খেলেছেন, তিনি দলের অধিনায়কত্বও করেন। পি সেন ট্রফিতে আবার লাল হলুদ জার্সি পরে খেলেছিলেন মহারাজ।
মোহনবাগান এবং এটিকে-র সংযুক্তিকরণের সময় সৌরভ সবুজ মেরুনের মুখ হয়ে উঠেছিলেন। তিনি হয়ে উঠেছিলেন দলের ব্র্যান্ড অ্যাম্বাসাডরও। মোহনবাগানের পরিচালন সমিতিতেও রয়েছেন মহারাজ। কলকাতার তিন প্রধানের সঙ্গেই মহারাজের ভাল সম্পর্ক। প্রসঙ্গত, এর আগে হকির দুই কিংবদন্তি গুরবক্স সিং এবং কেশব দত্তকেও ক্লাবের রত্ন প্রদান করা হয়।
সবসময় দেখা যায়, মোহনবাগানের প্রাক্তন ফুটবলারদের মধ্যেই মোহনবাগান রত্ন প্রদান করার চল রয়েছে। এবারই কোনও ক্রিকেটারকে এই রত্ন দেওয়া হচ্ছে। সেই প্রসঙ্গে ক্লাব সচিব দেবাশিস দত্ত জানিয়েছেন, সৌরভ গঙ্গোপাধ্যায়কে শুধু ক্রিকেটের প্রতিনিধি বললে ভুল করা হবে। তিনি বাঙালির গর্ব, বাংলার অহংকার। তাই সৌরভকে বিবেচিত করার পরে সকলেরই সমর্থন থাকবে আশা করি।
এদিকে, মোহনবাগান রত্নে সেরা ভারতীয় ফুটবলারের সম্মান পাবেন মনবীর সিং, সেরা বিদেশি তারকা দিমিত্রি পেত্রাতোস ও প্রাক্তন ফিফা রেফারি প্রতুল চক্রবর্তী সম্মান পাবেন রেফারি দিলীপ সেন।