
শেষ আপডেট: 26 October 2023 19:25
আর্থিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছেন ভারতের প্রাক্তন বিদেশি কোচ গ্রেগ চ্যাপেল। তিনি প্রবল অর্থ সংকটে ভুগছেন।
একটা সময় প্রতাপশালী অস্ট্রেলীয় কিংবদন্তির কেন এমন আর্থিক দুর্দশা হল, সেই নিয়ে বিশদভাবে কিছু বলা হয়নি। তবে এই ঘটনায় ক্রিকেটমহলে বেশ সাড়া পড়ে গিয়েছে।
গ্রেগ চ্যাপেলের প্রসঙ্গ এলেই স্বাভাবিকভাবে চলে আসে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথা। সৌরভই একটা সময় ভারতের কোচ হিসেবে আনেন গুরু গ্রেগকে। কিন্তু তারপর ভারতীয় শিবিরে বিতর্ক সৃষ্টি করেন ওই নামী প্রাক্তন। তিনি সৌরভকে ভারতীয় দল থেকে ছেঁটে ফেলেন ফর্ম ও ফিটনেসের কারণ দেখিয়ে।
সৌরভ অবশ্য পুরনো রাগ দেখাননি চ্যাপেলের প্রতি। তিনি বারবার বলেছেন, গ্রেগ যদি কোনওদিন আমার ৮ জুলাই জন্মদিনেও বাড়িতে কোনও উপহার পাঠান, আমি সাগ্রহে গ্রহণ করব।
সেই সৌরভই এদিন দ্য ওয়াল-এর মুখ থেকে গ্রেগের এই আর্থিক দুর্দশার কথা শুনে সাড়া দিয়েছেন। তিনি জানতে চেয়েছেন বিতর্কিত কোচ সম্পর্কে। সৌরভ যে এই দুঃসময়ে তাঁর পাশে থাকতে চান, সেটিও বলেছেন।
সৌরভ এর আগেও নিঃশব্দে আর্থিকভাবে ভঙ্গুর প্রাক্তন ক্রিকেটারদের পাশে থেকেছেন। তবে কিভাবে গ্রেগের পাশে থাকবেন মহারাজ, সেটি তিনি বলেননি।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে গ্রেগ জানিয়েছেন, আর্থিকভাবে আমি সমস্যায় রয়েছি। সবাই ভাবে আমাদের মতো ক্রিকেটাররা খুব ভাল রয়েছে। কিন্তু বাস্তবে সেটি হয় না। আমাদের সময়ে অর্থ ছিল না ক্রিকেটে। এখন যেগুলি পায় ক্রিকেটাররা। হয়তো গরিব হয়ে যাইনি, তবে পরিবার নিয়ে দিন কাটাতে সমস্যা হচ্ছে।
চ্যাপেল ভাইদের বড় ভাই আরও বলেছেন, আমারও তো ক্রিকেটের প্রতি অবদান রয়েছে। আমিও ক্রিকেটকে অনেক দিয়েছি, আমার দ্বারা অনেকের উন্নতিও হয়েছে। এই সময়ে আমার পাশেও তাদের থাকা উচিত।
হয়তো সৌরভের উদ্দেশেই এই কথা বলেছেন গ্রেগ। একটা সময় সৌরভ যখন রানের মধ্যে ছিলেন না, সেইসময় অস্ট্রেলিয়ার অ্যাকাডেমিতে চ্যাপেলই তাঁর শিক্ষক ছিলেন। সেই কৃতজ্ঞতাস্বরূপই তাঁর হয়ে ভারতের কোচ হওয়ার সুপারিশ করেন ভারতের অন্যতম সেরা অধিনায়ক। যদিও গ্রেগ পরেই সৌরভের সেই অবদানের কথা বেমালুম ভুলে গিয়ে তাঁর প্রতি বিরূপ আচরণ করেন।
আবারও হয়তো সৌরভের সাহায্যের জন্য অপেক্ষায় রয়েছেন গ্রেগ।