
শেষ আপডেট: 24 November 2023 18:24
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপ ফাইনালে মিচেল মার্শের ট্রফির উপর পা রাখার ছবি নিয়ে হূলস্থূল পড়ে গিয়েছে। সেই ছবি দেখে ক্রিকেট দুনিয়ার মনে করছে, অস্ট্রেলীয় ক্রিকেটার যা করেছেন, সেটি ঠিক নয়। তিনি এতে ক্রিকেটকেই অসম্মান করেছেন।
আমদাবাদের মাঠে ভারতকে ফাইনালে হারানোর পরে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা নানাভাবে উল্লাস করতে থাকেন। তার মধ্যেই একটি ছবিতে দেখা যায় মিচেল ড্রেসিংরুমে বিশ্বকাপের ট্রফির উপর পা তুলে বিয়ারের বোতল নিয়ে বসে রয়েছেন। এই ঘটনায় অনেকেই অস্ট্রেলিয়ান ঔদ্ধত্য খুঁজে পেয়েছেন। এও দেখা গিয়েছে, জাতীয় রাজনীতির একাংশ সেই ছবি বেশি করে সোশাল মিডিয়ায় ছড়িয়ে সমালোচনায় নেমে পড়েছে।
এই ঘটনায় অবশ্য ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় কোনও মন্তব্য করতে চাননি। মহারাজ কলকাতায় বলেছেন, আমি না জেনে কোনও মন্তব্য করব না। মার্শের ওই ছবিটা ডিপফেকও হতে পারে। এখন তো ছবি ও ভিডিওকেও বিকৃত করা হয়েছে। তাই আমি এই নিয়ে কোনও মন্তব্য করব না।
মার্শ আবার আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলের হয়ে খেলেন। তাঁকে ছ’কোটি টাকা দিয়ে কিনেছেন দিল্লি কর্তারা। সৌরভ আবার দিল্লি দলের ডিরেক্টর।
২৯ বছর বয়সি এই ক্রিকেটার এবার বিশ্বকাপ জয়ের সঙ্গে সঙ্গে একটি নজিরও গড়েছেন। মিচেলের বাবা জিওফ মার্শও ১৯৮৭ সালে অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। সেবারও বিশ্বকাপ হয়েছিল ভারতের মাঠে। ৩৬ বছর পরে ভারতের মাটিতেই মার্শও জিতলেন বিশ্বসেরার ট্রফি।