
মমতা বন্দ্যোপাধ্যায়, সৌরভ গাঙ্গুলী
শেষ আপডেট: 14 March 2024 21:38
দ্য ওয়াল ব্যুরো: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে মাথায় গুরুতর চোট পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। কপালে রক্তের দাগ, এই ছবি তৃণমূল নিজেই পোস্ট করেছে। কিন্তু এই ঘটনায় সৌরভ গঙ্গোপাধ্যায় চিন্তিত।
এই মুহূর্তে সৌরভ রয়েছেন দিল্লিতে, সেখানে দিল্লি ক্যাপিটালসের অনুশীলন চলছে। সন্ধ্যায় দ্য ওয়াল-এর থেকে প্রথম খবর পেয়ে সৌরভের প্রথম প্রতিক্রিয়া, ‘‘আমি তো ভাইজাগে রয়েছি দিল্লি ক্যাপিটালস শিবিরে। আমি এখনই ফোন করে মুখ্যমন্ত্রীর বিষয়ে খোঁজ নিচ্ছি। উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, সেই কামনাই করি।’’ তারপরেই দিল্লি দলের ডিরেক্টর জানতে চান, কী করে এমন দুর্ঘটনা ঘটেছে মুখ্যমন্ত্রীর।
প্রসঙ্গত, এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে চিকিৎসা চলছে।
মমতার সঙ্গে সৌরভের সম্পর্ক অত্যন্ত ভাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতবারও সৌরভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানাতে বেহালার বাড়িতে মিষ্টি নিয়ে হাজির হয়েছিলেন। মমতা স্পেন সফরেও শিল্পপতি হিসেবে সৌরভকে পরিচিতি দিয়েছেন। সবদিক থেকেই মুখ্যমন্ত্রীর এই ঘটনায় চিন্তিত মহারাজ।
সম্প্রতি সৌরভ নবান্নে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে। সেই বৈঠকে শালবনীতে সৌরভের কারখানা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। মমতার সঙ্গে বৈঠক ফলপ্রুসু হয়েছে, সেটিও সৌরভ জানিয়েছিলেন।