
শেষ আপডেট: 5 December 2023 16:17
দ্য ওয়াল ব্যুরো: ২০২১ সালে ভারতীয় ক্রিকেট দলের নেতৃত্ব থেকে বিরাট কোহলিকে নাকি সরিয়েছিলেন তৎকালীন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই নিয়ে কম জলঘোলা হয়নি। দু'বছর পর এই বিষয়ে ফের মুখ খুললেন সৌরভ। তিনি স্পষ্ট বললেন, কোহলিকে সরানোর ভাবনা তাঁর মাথায় ছিল না।
২০২১ সালে টি২০ বিশ্বকাপের পরই ওই ফরম্যাট থেকে নেতৃত্ব ছেড়ে দেন বিরাট। তারপর একে একে ওয়ানডে ও টেস্ট ক্রিকেট থেকেও অধিনায়কের দায়িত্ব ছেড়ে দেন তিনি। সেই সময় দলের নেতা করা হয়েছিল রোহিত শর্মাকে। অনেকেই বলতে শুরু করেন, বিরাটকে নেতৃত্ব ছাড়ার জন্য চাপ দেওয়া হয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে। শুধু তাই নয়, এই ব্যাপারে সৌরভের উদ্যোগই বেশি ছিল।
বিরাটকে তিনি নেতৃত্ব থেকে সরাননি সাফ জানিয়ে দিলেন সৌরভ। 'দাদাগিরি'র মঞ্চে সৌরভকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'আমি বিরাটকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিইনি। একথা আমি বহুবার বলেছি। ও (কোহলি) টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিতে আগ্রহী ছিল না। বিরাট সেই সিদ্ধান্ত নেওয়ার পর, আমি তাকে বলেছিলাম, তুমি যদি টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিতে আগ্রহী না হও, তাহলে পুরো সাদা বলের ক্রিকেট থেকে সরে দাঁড়ালে ভাল হয়। একজনই সাদা বলের অধিনায়ক থাকুক।'
বিরাট সরে যেতেই রোহিতকে অধিনায়ক হিসেবে ঘোষণা করে বিসিসিআই। রোহিতকে ভারতের নেতৃত্বে আনার পিছনে সৌরভের ভূমিকা ছিল, তা অনেকেই জানেন। সৌরভ নিজেই বলেছিলেন, রোহিতকে এক প্রকার জোর করেই অধিনায়ক করেন তিনি। তিন ফরম্যাটে নেতৃত্ব দিতে নাকি রাজি ছিলেন না রোহিত।