.webp)
শেষ আপডেট: 21 January 2024 18:47
দ্য ওয়াল ব্যুরো: বিচ্ছেদের গুঞ্জন ছিল দীর্ঘদিন ধরেই, কিন্তু সেটার কোনও ঘোষণা ছিল না। ইনস্টাগ্রামের পোস্টে, ছবিতে আভাসে ইঙ্গিতে জানা যাচ্ছিল, ‘অল ইজ নট ওয়েল’। গুঞ্জনকে ধরে নেওয়া হয়েছিল অনিবার্য পরিণতির নান্দীমুখ। কিন্তু পরিণতি যে দোরগোড়ায় সেটা কেউ আন্দাজ করতে পারেননি। শোয়েব মালিকের ঘোষণা তাই বিনা মেঘে না হলেও অল্প মেঘেই বজ্রপাতের মতো চমকে দিয়েছিল সকলকে।
২০ জানুয়ারি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার নিজের এক্স হ্যান্ডেলে তাঁর বিবাহিতা স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে কোরানের একটি উদ্ধৃতি লিখে দেন। সকলেই হকচকিয়ে যায় এটা লক্ষ্য করে, ক্রিকেটারের বাহুলগ্না স্ত্রী ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা নন। মুহূর্তের মধ্যে সকলেই বুঝে ফেলেন শোয়েব আবার বিয়ে করেছেন। অর্থাৎ সানিয়া আর তাঁর জীবনে নেই।
পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করে শোয়েব লিখেছিলেন ‘অ্যান্ড উই ক্রিয়েটেড ইউ ইন পেয়ারস’। কোরানের এই উদ্ধৃতির মধ্যে রয়েছে পরস্পরের মধ্যে শান্তি পাওয়ার বার্তা। পুনর্বিবাহের সিদ্ধান্তে স্পষ্ট সানিয়া-শোয়েবের মধ্যে শান্তির আবহ ছিল না। সানিয়ার আগের বিভিন্ন পোস্টেও সেটা বোঝা যাচ্ছিল পরিষ্কার করেই। এবার ক্রিকেটারের শুভানুধ্যায়ীরা চাইবেন তিনি থিতু হোক, শান্তি খুঁজে পাক। কিন্তু অনিবার্যভাবেই প্রশ্ন উঠবে তাহলে সানিয়ার কী হবে? কতটা আঘাত পেলেন তিনি তাঁর প্রায় ১৪ বছরের বিবাহের এমন পরিণতিতে?
শোয়েবের বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই পাকিস্তানের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা সরাসরি দাঁড়িয়ে পড়েছেন ভারতীয় টেনিস তারকার পাশে। স্বদেশীয় ক্রিকেটারকে তুলোধনা করতে শুরু করেছেন সমাজ মাধ্যমে। কেউ লিখেছেন, সানিয়া মির্জা শোয়েবের পক্ষে একটু বেশিই ভাল হয়ে গেছিলেন, অর্থাৎ শোয়েব সানিয়ার যোগ্যই ছিলেন না। কেউ শোয়েবের পোস্টের কথাটিকে ঘুরিয়ে বলেছেন, ‘অ্যান্ড উই ক্রিয়েটেড ইউ ইন প্যারিস।‘ কেউ লিখেছেন এই ঘটনা সানিয়ার সাফল্যগুলিতে সামান্যতম ছায়াও ফেলতে পারবে না। অনেকেই বুঝিয়ে দিয়েছেন, সানা নয়, সানিয়া ভাবিই বেশি ভাল ছিল শোয়েবের ক্ষেত্রে।
ভারতীয় টেনিস তারকার সঙ্গে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট তারকার বিয়ে হয় ২০১০ সালের এপ্রিল মাসে। ২০১৮ সালের অক্টোবরে তাঁদের পুত্র ইজহান মির্জা মালিকের জন্ম হয়। তাঁদের বিচ্ছেদের খবর একাধিকবার সংবাদের শিরোনামে আসলেও শোয়েব বা সানিয়া কেউই তাতে সিলমোহর দেননি। শোয়েব মালিকের বিয়ের খবর প্রকাশ্যে আসতে সানিয়া মির্জার বাবা সংবাদ সংস্থাকে জানিয়েছেন, সানিয়ার দিক থেকে শোয়েবকে একতরফাভাবে ডিভোর্স দেওয়ার আর কোনও বাধা রইল না।