
শেষ আপডেট: 17 October 2023 14:32
দ্য ওয়াল ব্যুরো: দৃষ্টান্ত গড়লেন বাইচুং ভুটিয়া। তিনি সিকিমের টিংকিতাম গ্রাম থেকে উঠে এসেছেন। সিকিমের গর্ব তিনি। সম্প্রতি সিকিমের উত্তরে তিস্তা নদীর ওপর বাঁধ ভেঙে রাস্তায় জল নেমে এসেছে। পলিতে ঢেকে গিয়েছে চারিদিক।
গাড়ি করে চলাচলই দুরুহ হয়ে উঠেছে। তিস্তার জলোচ্ছ্বাস সিকিমের জাতীয় সড়ককে বিপর্যস্ত করে দিয়েছে। একের পর এক গ্রাম নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। অনেকেই ঘরবাড়ি ভেঙে পড়ে মারা গিয়েছেন। অনেকেই আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
এই বন্যায় সিকিম পুরো জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বাইচুং গ্রামের বাড়িতে থেকে রাস্তা মেরামত করার কাজে হাত দিয়েছেন। একটি ছবিতে দেখা গিয়েছে, ভারতীয় ফুটবলের একসময়ের পোস্টার বয় প্যান্টকে হাঁটু পর্যন্ত তুলে রাস্তা থেকে পলি উঠিয়ে সাফ করছেন।
ভারতীয় অধিনায়কের এই কাজে প্রশংসা করেছেন তাঁর সতীর্থরা। মেহতাব হুসেন যেমন এদিন দ্য ওয়ালকে বলছিলেন, ‘‘বাইচুং ভাইয়ের এই কাজ দেখে মনটা ভাল হয়ে গিয়েছে। সিকিমের গর্ব বাইচুং, ওকে ওখানকার মানুষ খুব ভালবাসে। এইসময় সিকিমের পাশে না থাকলে বড় ভুল করত। আসল সময়ে আসল কাজটাই করছে।’’
রহিম নবিও জানালেন, ‘‘এটাই তো স্বাভাবিক ঘটনা। আমরা তো দেখছি সিকিমে এইসময় কী অবস্থা বন্যার জন্য। তিস্তার জল সিকিমকে ছেয়ে দিয়েছে। বাইচুং আসল অধিনায়কের মতো কাজ করছে এইসময়।’’
সিকিমে এইসময় সেতুও ভেঙে গিয়েছে। রাস্তাগুলি তছনছ হয়ে গিয়েছে। বাইচুংয়ের যে ছবিটি ভাইরাল হয়েছে সেটি হল গামবুট পরে তিনি বেলচা দিয়ে রাস্তা থেকে পলি তুলে একটা জায়গায় ফেলছেন।
মেঘভাঙা বৃষ্টির জেরে গত ৪ অক্টোবর সাতসকালেই সমস্যায় পড়ে সিকিম। চুরমার হয়ে যায় উত্তর সিকিমের লোনক হ্রদের প্রাচীর। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর সিকিমের সিঙথাম এলাকা। ক্ষতিগ্রস্ত হয় গ্যাংটক, মঙ্গনসহ উত্তর সিকিমের বিভিন্ন এলাকা। হড়পা বানেই ভেঙে যায় সেনা ছাউনি। সেনাবাহিনীর ৪০টি গাড়ি ভেসে গিয়েছে জলের তোড়ে। এরকম একটা অবস্থার মধ্যে বাইচুংয়ের কাজকে সকলেই কুর্নিশ জানাচ্ছেন।
বাইচুং ইতিমধ্যেই সিকিমের বন্যাকে বড় জাতীয় বিপর্যয় অ্যাখ্যা দিয়েছেন। কেন্দ্র সরকারকে সিকিম পুনর্গঠনের বিষয়ে নজর দিতে বলেছেন। তিনি ফেডারেশনকে অনুরোধ করেছেন, সিকিমের বন্যার জন্য একটি বেনিফিট ম্যাচ আয়োজন করে ওই অর্থ সিকিমের বন্যাত্রান তহবিলে জমা দিতে বলেছেন।